নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডারপাসের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এতে সড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও চালকরা। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কালাদী এলাকায় এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এলাকাবাসী জানান, এশিয়ান হাইওয়ে সড়কটি ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে। কালাদী এলাকার সড়কের দুই পাশে কয়েকটি গ্রামে প্রায় ১০ হাজার মানুষের বসবাস। এসব এলাকার শিক্ষার্থী ও কর্মজীবীদের প্রতিদিন ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পারাপার হতে হয়।
তাদের দাবি, প্রায় এক বছর ধরে কালাদী এলাকায় একটি আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়ে আসছেন তারা। এ নিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরে আবেদনসহ একাধিকবার মানববন্ধনও করেছেন। কর্তৃপক্ষ আশ্বাস দিলেও আন্ডারপাস নির্মাণ ছাড়াই সড়কের কাজ এগিয়ে নেয়া হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এরই প্রতিবাদে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই মানববন্ধন করা হয়। পরে তারা এশিয়ান হাইওয়ের উভয়পাশে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আগামী বুধবার আন্ডারপাস নির্মাণের বিষয়ে সিদ্ধান্ত দেয়ার আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে সড়ক থেকে সরে যান আন্দোলনকারীরা। একইসঙ্গে আগামী বুধবার পর্যন্ত ওই এলাকায় সড়ক সংস্কারের সব কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়।
