অস্ত্র মামলায় ডেভিড ইমনের ফের ৫ দিনের রিমান্ড

ফন্ট সাইজ:

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে অস্ত্র উদ্ধার মামলায় আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতের বিচারক সায়মা আফরিন হিমা শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, হাটহাজারী থানার একটি চাঁদাবাজি মামলায় পাঁচদিনের রিমান্ড শেষে ইমনকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। পরে ফটিকছড়ি থানার একটি অস্ত্র উদ্ধার মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ফটিকছড়ি ও হাটহাজারী থানার তিনটি মামলায় ইমনের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ১৩টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, গত ২৯শে জুলাই ভোরে যশোরের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন ডেভিড ইমন। এ সময় চার সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চট্টগ্রামে এনে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নতুন করে পাঁচদিনের রিমান্ডে অস্ত্র মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে পুলিশ।