বিশ্বব্যাপী বাংলা গান ও সংস্কৃতির প্রসারে অনলাইনে সংগীত শিক্ষা কার্যক্রম শুরু করেছে ছায়ানট। ‘সংগীত-পরিচয়’ নামে ছয় মাসের এই দূরশিক্ষণ কর্মসূচির মধ্যদিয়ে ঢাকার বাইরে এবং প্রবাসী সংগীতানুরাগীদের জন্য দেশের শীর্ষস্থানীয় এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানে গান শেখার সুযোগ তৈরি হলো।
রোববার এক সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনলাইন পাঠের প্রথম ধাপে ‘সংগীত-পরিচয়’র আওতায় লোকসংগীত, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও সরগম শেখানো হবে। ক্লাস হবে প্রতি রোববার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত। ছায়ানট জানিয়েছে, বয়সভেদে ‘শিশু-কিশোর’ ও ‘সাধারণ’Ñ এই দুই শাখায় মোট ১২১ জন শিক্ষার্থী ইতিমধ্যে ভর্তি হয়েছেন। আর দেশের বাইরে উত্তর আমেরিকা থেকে ১২ জন, ইউরোপ থেকে ৭ জন এবং অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ভারত থেকে ৯ জন। ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা এই উদ্যোগকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে তুলে ধরেন।
