প্রয়াত ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু ও তার স্মৃতিবিজড়িত ‘এলআরবি’র সুরের ধারা পরবর্তী প্রজন্মের মাঝে বাঁচিয়ে রাখতে ‘উত্তরাধিকার’ নামে সমন্বিত সাংস্কৃতিক উদ্যোগ নেয়া হয়েছে। এর আওতায় বাচ্চুর ২৪টি গান নিয়ে বিশেষ ট্রিবিউট অ্যালবাম প্রকাশ, তার ব্যবহৃত গিটার ও স্মৃতি সংরক্ষণে জাদুঘর-ক্যাফে ‘এবি’স কিচেন’ স্থাপন এবং দেশ জুড়ে ধারাবাহিক কনসার্টের পরিকল্পনা করা হয়েছে। রোববার ডেইলি স্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনে উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন আইয়ুব বাচ্চুর স্ত্রী চন্দনা। তিনি জানান, বিভিন্ন ব্যান্ডের শিল্পীরা বাচ্চুর ২৪টি কালজয়ী গান নতুন করে গাইছেন। ইকবাল আসিফ জুয়েলের মাস্টারিংয়ে অ্যালবামটি প্রথমে ডাবল সিডি এবং পরে ভিনাইল (এলপি) সংস্করণে প্রকাশিত হবে।
অ্যালবামে ‘দলছুট’ গেয়েছে ‘রূপালী গিটার’, ‘আর্বোভাইরাস’ গাইবে ‘নীল বেদনা’, ‘সোনার বাংলা সার্কাস’ গাইবে ‘গতকাল রাতে’, ‘শুভযাত্রা’ গাইবে ‘চলো বদলে যাই’, ‘এ কে রাহুল’ গাইবেন ‘মন চাইলে মন’, ‘ক্যালিপসো’ গাইবে ‘চাঁদ মামা’, ‘রকসল্ট’ গাইবে ‘অচেনা জীবন’ এবং ‘ডোপামিন’ গাইবে ‘মাধবী’। এ ছাড়া বাবনা করিম, রাসেল আলী, রোমেল আলীসহ আরও কয়েকজন শিল্পী গান করবেন। সংগ্রাহকদের জন্য ক্যাপ, টি-শার্ট, ব্যান্ডানা, মগ ও গিটার পিকসহ সীমিত সংস্করণের বক্স সেট থাকবে। ভ্যাটসহ দাম ৮ হাজার টাকা। অনলাইন ও নির্দিষ্ট আউটলেটে এটি পাওয়া যাবে। বাচ্চুর প্রয়াণ দিবসে এলপি সংস্করণ বাজারে আসবে।
চন্দনা জানান, ‘এবি’স কিচেন’-এ বাচ্চুর আইকনিক গিটারগুলো দর্শনার্থীদের জন্য সংরক্ষণ করা হবে। এ ছাড়াও আগামী ৫ই সেপ্টেম্বর চট্টগ্রামের ‘কিং অব চিটাগাং’-এ বড় কনসার্ট হবে। আগস্ট-সেপ্টেম্বরে বিহাইন্ড দ্য সিন কনটেন্ট ও ২০টি মিউজিক ভিডিও প্রকাশের পাশাপাশি পরে ‘অ্যান অডিয়েন্স উইথ এবি’ নামে টেলিভিশনে প্রচারযোগ্য একটি এক্সক্লুসিভ প্রাইভেট কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
