নারী এশিয়া কাপ ও ২০তম এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে দলের সহ-অধিনায়ক করা হয়েছে নাহিদা আক্তারকে। দলে রয়েছেন- দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার সুপ্তা, সারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা ইসলাম তৃষ্ণা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়া কাপের এবারের আসরে ‘বি’ গ্রুপে বাংলাদেশ।
এই গ্রুপে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। আগামী ২৮শে আগস্ট শুরু হবে টুর্নামেন্ট। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ৩১শে আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। এরপর ৬ই সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ই সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এরপর দুই গ্রুপের শীর্ষ দু’টি করে দল উঠবে সেমিফাইনালে। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ই সেপ্টেম্বর। ফাইনাল হবে ১৩ই সেপ্টেম্বর।
অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গী থাইল্যান্ড ও হংকং। ভারত-পাকিস্তান ম্যাচ হবে ৫ই সেপ্টেম্বর। টুর্নামেন্টের সব ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের নিচে অনুষ্ঠিত হবে। নারী এশিয়া কাপের ইতিহাসে সর্বাধিক তিনবার শিরোপা জিতেছে ভারত। ২০১৮ সালে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। এদিকে, এশিয়ান গেমসের সূচিও প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১৭ই সেপ্টেম্বর কোরোগি অ্যাথলেটিক পার্কে প্রথম কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচগুলোতে মুখোমুখি হবে ভারত-জাপান, শ্রীলঙ্কা-মালয়েশিয়া এবং পাকিস্তান-থাইল্যান্ড। সেমিফাইনালে ভারত-জাপান ম্যাচের বিজয়ী দল মুখোমুখি হবে বাংলাদেশ-চীন ম্যাচের বিজয়ীর বিপক্ষে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-মালয়েশিয়া ও পাকিস্তান-থাইল্যান্ড ম্যাচের বিজয়ী দুই দল। আগামী ২২শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ব্রোঞ্জ ও স্বর্ণপদকের লড়াই।
