অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ আটক ৩

ফন্ট সাইজ:

প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ সমাবেশের প্রস্তুতিকালে হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহাদি হাসানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আটক অন্য দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মীরজা সুমন ও রকিব।

সোমবার বিকেলে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয় বলে জানা গেছে। আয়োজকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং দীর্ঘদিনের গ্যাস সংকটের কারণে দৈনন্দিন জীবন ও ব্যবসা-বাণিজ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এসব সমস্যা নিরসনের দাবিতে সর্বস্তরের ছাত্র-জনতাকে নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

তবে মিছিল শুরুর আগেই তিনজনকে আটকের ফলে কর্মসূচি পন্ড হয়ে যায়। এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এদিকে আটকের বিষয়ে হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক জানান আলোচিত এই মাহদির উপর অতীতেও একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। এজন্য আমরা তাকে জানিয়েছিলাম এ ধরনের সমাবেশ না করার জন্য। এছাড়া তারা প্রশাসনের কাছ থেকে কোন ধরনের লিখিত অনুমতিও নেয়নি। যে কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে তাদেরকে আটক করা হয়েছে। তবে আটক তিনজনের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে, সে বিষয়টিও তাৎক্ষণিকভাবে কোন তথ্য জানাননি ওসি। এদিকে, আটকের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে তাদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে এখনো কোনো ঘোষণা পাওয়া যায়নি।