শিল্পোন্নয়নের অগ্রদূত, শিক্ষানুরাগী, বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নুর ৯৩তম জন্মবার্ষিকী শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্যাপিত হয়েছে। গতকাল মানিকগঞ্জের মুন্নু সিটিতে নানা তাৎপর্যপূর্ণ কর্মসূচির মধ্যদিয়ে দিনব্যাপী উৎসবমুখর ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি পালন করা হয়। দিনের শুরুতেই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পক্ষ থেকে মরহুমের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে একটি বর্ণাঢ্য স্মরণ র্যালি বের হয়ে সমাধিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল ৯টায় মুন্নু মেডিকেল কলেজ প্রাঙ্গণে হারুণার রশিদ খান মুন্নুর কর্মময় ও জনকল্যাণমুখী জীবনের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শিত হয়। এরপর চিকিৎসক শিক্ষার্থী ও কর্মকর্তাদের উপস্থিতিতে জন্মবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. জুলফিকার আহমেদ আমিনসহ প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এ ছাড়া, জন্মবার্ষিকী উপলক্ষে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।
এ ছাড়া, প্রতিষ্ঠানটির নবগঠিত ‘সাহিত্য ক্লাব’র উদ্যোগে প্রকাশিত দেয়ালিকা ‘নবারুণ’র উদ্বোধন করেন মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) জহিরুল ইসলাম। এদিকে, মুন্নু সিটির ‘হুরন নাহার মুন্নু জামে মসজিদে’ মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে, সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নুর ৯৩তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন মানিকগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
