আড়িয়াল খাঁ নদের বহেরাতলা-কলাতলা পয়েন্টে তীব্র ভাঙন, হুমকিতে সড়ক-বেড়িবাঁধ

আড়িয়াল খাঁ নদের বহেরাতলা-কলাতলা পয়েন্টে তীব্র ভাঙন, হুমকিতে সড়ক-বেড়িবাঁধ

ফন্ট সাইজ:

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে আবারো ভাঙন দেখা দিয়েছে। উপজেলার বহেরাতলা-কলাতলা পয়েন্টে সোমবার সকাল থেকে ভাঙন শুরু হয়। ভাঙনে বহেরাতলা-কলাতলা বেড়িবাঁধের একটি অংশ এবং বহেরাতলা বাজার থেকে কলাতলা যাওয়ার একমাত্র সড়কের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন এলাকার কয়েক হাজার মানুষ।

স্থানীয়রা জানান, সকাল থেকেই হঠাৎ নদের পানি বৃদ্ধির সঙ্গে ভাঙন তীব্র আকার ধারণ করে। মুহূর্তের মধ্যেই বেড়িবাঁধের মাটি ধসে নদীতে চলে যায়। একইসঙ্গে একমাত্র চলাচলের সড়কটি কিছু অংশ ভেঙে যায়। ভাঙন ঠেকাতে না পারলে, বহেরাতলা বাজার থেকে কলাতলা গ্রামে যাওয়া- আসার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে। স্থানীয় বাসিন্দা কালাম মাতবর জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত মানুষ যাতায়াত করেন। কলাতলা ও আশপাশের গ্রামের মানুষের হাটবাজার, স্কুল-কলেজে যাওয়া এবং হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এই সড়কটিই একমাত্র ভরসা। সড়কটি ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা। এ ছাড়া নদীর তীর থেকে মাত্র কয়েক মিটার দূরেই রয়েছে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র। ভাঙন অব্যাহত থাকলে ভোটকেন্দ্রটিও যেকোনো মুহূর্তে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, তারা প্রায় ১০ বছর ধরে নদীভাঙনের কবলে রয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় বেড়িবাঁধ নির্মাণের পর কয়েক বছর শান্তিতে থাকলেও এ বছর আবারো ভাঙন শুরু হয়েছে। এর জন্য অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও অপরিকল্পিত নদী খননকে দায়ী করছেন তারা। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি মহল রাতের আঁধারে এই পয়েন্টে অবৈধভাবে ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে। ফলে নদের গতিপথ পরিবর্তন হয়ে ভাঙন তীব্র হয়েছে। বহেরাতলা এলাকার বাসিন্দা নওয়াব মাতবর বলেন, ‘১০ বছর ধরে আমরা ভাঙনের শিকার। বেড়িবাঁধ হওয়ার পর ভেবেছিলাম রক্ষা পেলাম। কিন্তু রাতে ড্রেজার দিয়ে বালু কাটার কারণে আবারো সব শেষ হয়ে যাচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের ঘরবাড়িও থাকবে না।’

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ, অবৈধ ড্রেজার বন্ধ এবং ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও সড়ক মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, আড়িয়াল খাঁ নদের ভাঙনের সংবাদটি পেয়েছি। পানি উন্নয়ন বোর্ডকে এ বিষয়ে বলা হয়েছে। ২-১ দিনের মধ্যেই নদীভাঙন ঠেকাতে ও বেড়িবাঁধ রক্ষায় কাজ শুরু করবে। এ ছাড়া অবৈধ ড্রেজার যদি চলে তা বন্ধেও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।