কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২

কলাপাড়ায় চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

পটুয়াখালীর কলাপাড়ায় মব সৃষ্টি করে চাঁদাবাজির অভিযোগে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন ফকিরকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল কলাপাড়া থানা পুলিশ পৌর শহরের উকিল পট্টি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মো. সুমন (৩৫) উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এবং একই ইউনিয়নের ঘুটা বাছা গ্রামের হাজী ইব্রাহিম ফকিরের ছেলে। দুই সহযোগী হলো- সজীব (৩০) ও রাসেল (৩০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সুমন ফকির তার সহযোগীদের নিয়ে নীলগঞ্জ ইউনিয়নে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদা আদায় ও হয়রানি করে আসছিল। ইউনিয়নের মজিদপুর গ্রামের চাঁন মিয়ার মাছের ঘের থেকে আড়াই লাখ টাকা মূল্যের মাছ ধরার সামগ্রী চাঁদার দাবিতে জোরপূর্বক নিয়ে আসে। এ সময় তারা প্রতিবাদ করলে তাদের মারধরসহ নারীদের শ্লীলতাহানি করে। এ ঘটনায় চাঁন মিয়া বাদী হয়ে সুমনকে প্রধান আসামি করে ৭ জনের নামে কলাপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. ফোরকান মিয়া বলেন, গ্রেপ্তারকৃত আসামি সুমনসহ তার দুই সহযোগীকে রোববার বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপি’র সম্পাদক এডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু বলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমনের বিরুদ্ধে মব সৃষ্টি করে চাঁদাবাজির বিস্তর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির নেতৃবৃন্দকে নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাকির হোসেন বাদল মৃধা বলেন, সুমনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত প্রেসনোট প্রেস ক্লাবে পৌঁছে দেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন