পুলিশিং কার্যক্রম জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রায়পুরা থানা পুলিশকে দু’টি পিকআপ ভ্যান উপহার দিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের এমপি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। রোববার সকাল ১১টায় রায়পুরা থানা প্রাঙ্গণে ফিতা কেটে যানবাহন দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের হাতে চাবি হস্তান্তর করা হয়।
এ সময় এমপি আশরাফ উদ্দিন বকুল বলেন, রায়পুরাতে কোনো ঘটনা ঘটলে পুলিশ যেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সেজন্য তাদের প্রয়োজনীয় যানবাহন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। জনবলের তুলনায় এ থানায় গাড়ির সংখ্যা খুব কম ছিলো। সিএনজি ভাড়া করে বিগত দিনে পুলিশকে চলতে হয়েছে। আশা করা যায়, দু’টি গাড়ি যুক্ত হওয়ায় রায়পুরা থানার পুলিশের তৎপরতা আরও বাড়বে।
চরাঞ্চলের অস্ত্রধারীদের হুঁশিয়ারি করে তিনি আরও বলেন, যারা চুরি, ডাকাতি করছেন আপনাদের সময় বেশি নেই। এলাকায় থাকতে হলে আত্মসমর্পণ করেই থাকতে হবে। কারও ওপর কোনও অত্যাচার করা যাবে না। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক নির্মূলের লক্ষে পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। আগামীতে থানায় আরও গাড়ি দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মজিবর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ফাইজুর রহমান, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল কুদ্দুস, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সী, জেলা বিএনপির সদস্য কাজে আসাদুর রহমান মিলন, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর আহমেদ চৌধুরী মানিক, রায়পুরা পৌরসভার যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, রায়পুরা প্রেস ক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, রায়পুরা থানার পুলিশ কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ অনেকে।
