সাভারে পাঁচতলা ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

ফন্ট সাইজ:

সাভারের বনপুকুর মহল্লায় নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে রহিম মিয়া নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভবনটির মালিক এমারত গা-ঢাকা দিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বনপুকুর মহল্লায় এমারতের পাঁচতলা ভবনে নির্মাণকাজ করছিলেন রাজমিস্ত্রি রহিম মিয়া। কাজের সময় কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা সেফটি সরঞ্জাম ছাড়াই ভবনের ওপরের অংশে কাজ করছিলেন তিনি।

একপর্যায়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন রহিম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এদিকে, শ্রমিকের মৃত্যুর পর থেকেই বাড়ির মালিক এমারতকে এলাকায় দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’