লালমোহন উপজেলায় অটোরিকশার নিচে চাপা পড়ে মোহাম্মদ আব্দুল্লাহ (৭) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরউমেদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেন চৌমুহনী এলাকার মো. মনির হোসেনের ছেলে। জানা গেছে, কিছুদিন আগে শিশু আব্দুল্লাহ পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত তার নানা বাড়িতে বেড়াতে যায়।
রোববার সকালে দৌড়ে সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ওই শিশু মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু আব্দুল্লাহ’র শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত ঘোষণা করেন।
