লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের যথাযথ সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার অনুদান সুবিধা অব্যাহত রেখেছে। বরাদ্দের টাকা যেন শতভাগ এতিম শিশুদের কল্যাণ ও রক্ষণাবেক্ষণে ব্যয় হয়, ‘তা নিশ্চিত করতে হবে।’ রোববার দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তরাধীন ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানার অনুকূলে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ২০২৫-২০২৬ অর্থবছরের ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত ৬টি বেসরকারি এতিমখানার প্রতিনিধিদের হাতে মোট ৩১ লাখ ৬৮ হাজার টাকার অনুদানের চেক তুলে দেয়া হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুকান্ত সরকার এবং বীর মুক্তিযোদ্ধা মোহসীন টুলু। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এতিমখানা পরিচালনা কমিটির প্রতিনিধি, মসজিদ-মাদ্রাসার প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
