মৌলভীবাজারে কিশোর গ্যাং ও সন্ত্রাস প্রতিরোধে বিক্ষোভ

মৌলভীবাজারে কিশোর গ্যাং ও সন্ত্রাস প্রতিরোধে বিক্ষোভ

ফন্ট সাইজ:

চলমান কিশোর গ্যাং ও সন্ত্রাস প্রতিরোধে মানববন্ধন, সমাবেশ এবং বিক্ষোভ করেছে সর্বস্তরের জনগণ। গতকাল মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেনে সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপি’র নেতা ফয়ছল আহমদ, এনসিপি’র জেলা যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া, সমাজকর্মী জিএম মুক্তাদির রাজু, এম মুহিবুর রহমান, শিক্ষার্থী হাসান আহমদ রাতুল, যুবদল নেতা আমীর মোহাম্মদ, কিশোর গ্যাংয়ের হামলায় আহত শিক্ষার্থী হাসান আহমদের পিতা মিন্টু মিয়া ও চাচা শাহীন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, গত ১২ই আগস্ট রাত সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার শহরে ব্যস্ততম কুসুমবাগ এলাকায় মাদ্রাসা পড়ুয়া ৯ম শ্রেণির শিক্ষার্থী হাসান আহমেদের ওপর কিশোর গ্যাং হামলা করে গুরুতর আহত করে। সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মৃত্যু শয্যায়। ওই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারসহ কিশোর গ্যাং ও সন্ত্রাস নির্মূলের দাবি জানান তারা। বক্তারা বলেন, এই ঘটনা ছাড়াও ওইদিন শহরের গুরুত্বপূর্ণ স্থানে আর দু’টি হামলার ঘটনা ঘটায় জনমনে উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

গেল বছর শহরের পৌরসভা এলাকায় কিশোর গ্যাংয়ের হাতে খুন হন তরুণ এডভোকেট সুজন মিয়া। এরপর থেকেই থামছে না কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড। জেলা শহরে প্রকাশ্যে প্রশাসনের নাকের ডগায় চলা এ সকল অপকর্ম থামাতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় জোর দাবি জানানো হয়। পরে মানববন্ধন, সমাবেশ এবং বিক্ষোভ অংশগ্রহণকারী সর্বস্তরের জনগণ একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।