আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, গত ১৭ বছরে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া লাখ লাখ রাজনৈতিক মামলার মাধ্যমে হয়রানি করা হয়েছে। এ সময় যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, প্রতিটি হত্যার বিচার করা হবে। দেশে ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।
রোববার বরিশাল জেলা আইনজীবী সমিতির আধুনিক দশতলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ১/১১-এর সময় বেগম খালেদা জিয়াকে দেশ ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল, দেশ ছেড়ে গেলে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে এবং রাজনীতি করতে হবে না। এমনকি তার দুই সন্তানকে হত্যার হুমকিও দেয়া হয়েছিল। কিন্তু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে যাননি। যে দেশের মাটিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর রয়েছে এবং যেখানে লাখো-কোটি সন্তান বসবাস করেন, সেই দেশ ছেড়ে তিনি যাননি। অন্যদিকে আরেক নেত্রী দেশের কথা না ভেবে সুযোগ-সুবিধা নিয়ে বিদেশে চলে গেছেন। তিনি বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর মাত্র ছয় মাসের মধ্যে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। জনগণের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে এসব কার্ডের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেন, গত ১৭ বছরে দেশের রাজনীতিকে ধ্বংস করা হয়েছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিগত সরকার ব্যর্থ হয়েছে। একসময় ‘লাল টেলিফোনের’ মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনার অভিযোগ ছিল। সেই সংস্কৃতি দূর করে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বরিশাল-৩ আসনের এমপি এডভোকেট জয়নুল আবেদিন। এ ছাড়া অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের এমপি এডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ ইমন।
