টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে শ্রীলঙ্কা ও পাকিস্তান ক্রিকেট দল। টুর্নামেন্টে ব্যর্থতার দায় নিয়ে শ্রীলঙ্কার প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সনাথ জয়াসুরিয়া। অন্যদিকে, এখনই পদত্যাগ না করলেও অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে সময় চেয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা।
২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবার সুপার এইটে উঠলেও গ্রুপ-২ এর সবকটি ম্যাচ হেরে টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে। গত শনিবার পাকিস্তানের কাছে হারের পর জয়াসুরিয়া জানান, তিনি আর কোচ হিসেবে থাকতে চান না। জয়াসুরিয়া বলেন, ‘আমি মনে করি এখন দায়িত্বটি অন্য কাউকে দেয়ার সময় এসেছে। প্রায় দুই মাস আগে ইংল্যান্ড সিরিজের সময়ই আমি ঠিক করেছিলাম যে খুব বেশি দিন এই পদে থাকবো না।’ জয়াসুরিয়া বলেন, ‘ভেবেছিলাম বিশ্বকাপ থেকে একটা ভালো স্মৃতি নিয়ে বিদায় নেবো, কিন্তু সেটি হলো না। বিষয়টিতে আমি খুবই দুঃখিত।’ লঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে তার চুক্তির মেয়াদ আগামী জুন পর্যন্ত রয়েছে। এখনো আনুষ্ঠানিকভাবে বোর্ডকে কিছু জানাননি জয়াসুরিয়া। আলোচনার মাধ্যমে চূড়ান্ত বিদায় নেবেন তিনি।
পাকিস্তানের জন্যও এই বিশ্বকাপ ছিল চরম হতাশার। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে বড় হারের পর সেমিফাইনালের দৌড় থেকেও ছিটকে গেছে তারা। দলের মিডল অর্ডার ব্যর্থতা আর স্পিন-বান্ধব কন্ডিশনে বোলারদের ছন্দহীনতা ছিল চোখে পড়ার মতো। হারের দায় স্বীকার করে অধিনায়ক সালমান আগা বলেন, ‘পুরো টুর্নামেন্টেই আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। চাপের মুখে ভুল সিদ্ধান্তের কারণেই আমরা সেমিতে যেতে ব্যর্থ হয়েছি।’ নিজের ফর্ম নিয়ে অসন্তুষ্ট হলেও অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে তাড়াহুড়ো করতে চান না ৩২ বছর বয়সী এই ক্রিকেটার। সালমান আগা বলেন, ‘আমি ফিরে গিয়ে কিছুটা সময় নেব এবং তারপর সিদ্ধান্ত নেবো। কারণ এই মুহূর্তে পদত্যাগের ঘোষণা দেয়াটা হবে স্রেফ আবেগী সিদ্ধান্ত।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়
জয়াসুরিয়ার পদত্যাগ, সময় চাইলেন পাক অধিনায়ক
স্পোর্টস ডেস্ক
২ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
