বিজয়নগরে ৯৫৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯৫৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ আটক করেছে বিজিবি। গতকাল ভোরে উপজেলার নোয়াবাদী এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। তবে এ সময় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা নোয়াবাদী সীমান্ত এলাকায় ফাঁদ পাতে।

এ সময় আট-নয়জনকে মাথায় বস্তা নিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসতে দেখলে, বিজিবি’র টহলদল ধাওয়া করলে মাথার বস্তা ফেলে তারা পালিয়ে যায়। পরে ৮টি চটের বস্তা উদ্ধার করে তল্লাশি করলে এতে ৯৫৮ বোতল ইস্কফ সিরাপ পাওয়া যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।