নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ১৫ই আগস্ট পালন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সম্পৃক্ত থাকা ও নাশকতার চেষ্টার অভিযোগে পুলিশ জেলার পীরগঞ্জ উপজেলার দুই আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে। গতকাল তাদের ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়েছে। জানা গছে, ১৫ই আগস্টকে কেন্দ্র করে পীরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা এবং নাশকতা চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পীরগঞ্জ ইউনিয়নের নারায়ণপুর প্রধানপাড়া গ্রামের ফজলুল হক এবং একই গ্রামের কার্তিক চন্দ্র শীল। পুলিশ জানায়, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও ১৫ই আগস্ট পালন করা হয়েছে- এমন কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখে এবং নাশকতার চেষ্টার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
