ফরিদগঞ্জে ধর্ষণ মামলায় সেই অটোরিকশাচালক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থী (৮)কে ধর্ষণ অভিযোগের মামলায় ছিদ্দিক হাওলাদার (৪০)কে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার ভাটিয়ালপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ছিদ্দিক হাওলাদার চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের নানু হাওলাদারের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোরিকশাচালক। এ বিষয়ে শুক্রবারের দৈনিক মানবজমিন পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। জানা যায়, ভুক্তভোগী শিশু চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ওই অটোরিকশায় যাত্রী হয়ে ওঠে। এ সময় সুযোগ পেয়ে অটোরিকশাচালক একটি নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়। ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটি অসুস্থ হয়ে পড়ে এবং বাড়িতে ফিরে অভিভাবকদের জানায়। পরবর্তীতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে শুক্রবার থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, ঘটনার পর ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা অটোরিকশাচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এদিকে অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। তথ্যপ্রযুক্তি ও নানান কৌশল কাজে লাগিয়ে আমরা প্রথমে অভিযুক্ত ছিদ্দিক হাওলাদারকে চিহ্নিত করতে সক্ষম হই। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করলে সে অপরাধের কথা স্কীকার করে এবং ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। গ্রেপ্তারকৃতকে রোববার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।