সুন্দরবন খুলনা রেঞ্জের অধীনস্থ কাশিয়াবাদ স্টেশনের বনরক্ষীরা অভিযান চালিয়ে প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিন জেলেকে আটক করেছে। এ সময় তাদের নিকট হতে এক নৌকা চিংড়ি মাছসহ অবৈধ ভেশাল জাল উদ্ধার করা হয়। রোববার ভোর ৪টার দিকে কুলুখালি এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, আটক জেলেরা হলেন- মজিবার রহমান (৫৭), সাইফুল ঢালী (৪০) ও মনিরুজ্জামান বাবু (২৯)। অভিযান পরিচালনা করেন কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
