বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) চলতি আসরে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অশোভন আচরণ ও ক্ষোভ প্রকাশ করে শাস্তির মুখে পড়লেন চার ক্রিকেটার। গত ২৬শে ফেব্রুয়ারি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইস্ট জোন ও সেন্ট্রাল জোনের মধ্যকার ম্যাচে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বিসিবির আম্পায়ারস বিভাগের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ম্যাচে আম্পায়ারিং নিয়ে সবচেয়ে বেশি সরব ছিলেন ইস্ট জোনের অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী রাব্বি। নিয়ম ভেঙে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ানোয় তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নামের পাশে যোগ হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। শাস্তি পেয়েছেন একই দলের নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমনও। তাঁদের দুজনেরই ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা এবং দুটি করে ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে। অন্যদিকে, অসদাচরণের দায়ে সেন্ট্রাল জোনের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কনকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।
ঘটনার শুরু ম্যাচের প্রথম ইনিংসে ইয়াসির রাব্বির আউটকে কেন্দ্র করে। ৩৪তম ওভারে সাইফ হাসানের বলে ছক্কা মারতে গিয়ে সীমানায় রকিবুল হাসানের হাতে ধরা পড়েন ৩৭ রান করা রাব্বি। ভিডিও ফুটেজে দেখা যায়, ক্যাচ নেওয়ার সময় রকিবুলের পা সীমানা দড়ি স্পর্শ করেছিল। নিয়ম অনুযায়ী এটি ছক্কা হওয়ার কথা থাকলেও টিভি আম্পায়ার না থাকায় মাঠের আম্পায়াররা আউটের সিদ্ধান্ত দেন। এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে চতুর্থ আম্পায়ারের সঙ্গে দীর্ঘক্ষণ তর্কে লিপ্ত হন রাব্বি। উত্তেজনার রেশ ছড়ায় দ্বিতীয় ইনিংসেও। ৩৩তম ওভারে মুশফিক হাসানের বলে আরিফুলের বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো আবেদন করে ইস্ট জোন। আম্পায়ার তাতে সাড়া না দিলে রাগে ফেটে পড়েন রাব্বি, নাসুম ও ইমন। একপর্যায়ে মেজাজ হারিয়ে উইকেটরক্ষক পারভেজ ইমন বল মাটিতে আছড়ে মারেন। ম্যাচটিতে ইস্ট জোনের দেয়া ২৩৮ রানের লক্ষ্য ২৭ বল বাকি থাকতেই টপকে যায় সেন্ট্রাল জোন।
বিসিএলে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ
বড় শাস্তির মুখে ইয়াসির রাব্বিসহ ৪ ক্রিকেটার
স্পোর্টস রিপোর্টার
২ মার্চ (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
