ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। রাজশাহীর বিমানবন্দরকে আরও সম্প্রসারিত করে এই মাছ রপ্তানির ব্যবস্থা করা হবে। যত দিন যাবে রাজশাহী তত এগিয়ে যাবে। “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে এ বছর জাতীয় মৎস্য পক্ষ উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে রোববার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তিনি রাজশাহীর কালেক্টরেট পুকুরে ? পোনা মাছ অবমুক্তকরণ করেন। এরপর একটি বর্ণাঢ্য র?্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ মৎস্য দিয়ে সবদিক দিয়ে এগিয়ে যাবে। বাংলাদেশ পৃথিবীতে এখন অষ্টম স্থান, কোনো কোনো ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে।
আগামী দিন ইনশাআল্লাহ আরও এগিয়ে যাবে। আপনারা আপনাদের সন্তানরা এখন পড়াশোনা করছে, অনেকে এমএ পাস, বিএ পাস করছে। অনেকেই অনেক পেশায় যাবে। মন্ত্রী আরও বলেন, রাজশাহীর আশপাশের খাল-বিলগুলো ও মাছ চাষের উপযোগী করা হবে। মাছ চাষ করে রাজশাহীর চাষিরা সেই মাছ বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করবে। আমি রাজশাহীর চাষিদের দেশীয় পদ্ধতিতে মাছ চাষ করার জন্য আহ্বান জানাচ্ছি।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আনম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া। স্বাগত বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
