সিলেটের মিতালী আবাসিক এলাকায় ট্রিপল মার্ডারের অন্তরালের ঘটনা জানতে তদন্তে নেমেছে পুলিশ। এরইমধ্যে গ্রেপ্তার হওয়া রংমিস্ত্রি বাবুল মিয়াকে চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে অন্য কোনো বিষয়ে সম্পৃক্ততা কিংবা আরও কেউ জড়িত ছিল কি না- এসব বিষয় জানতে বাবুলকে রিমান্ডে আনা হয়েছে। পুলিশ জানায়, রোববার সকালে বাবুল মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম জানিয়েছেন, শুনানি শেষে আদালতের বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করবে।
এর আগে বুধবার ট্রিপল মার্ডারের ঘটনার দিন পুলিশ বাবুলকে মিতালী আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছিল। ঘটনার পর সে খুনের কথা স্বীকার করে। এ সংক্রান্ত জিজ্ঞাসাবাদের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গত বুধবার মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা নিকুঞ্জ ভিলার মালিক আব্দুস সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম ও গৃহপরিচারিকা তাহমিনা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এদিকে, নিহতদের দাফন শেষ করে শুক্রবার রাতে যুক্তরাজ্য প্রবাসী মেয়ে সেলিনা সুলতানা সিলেটের কোতোয়ালি থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন। পরে পুলিশ এ মামলায় বাবুলকে শ্যোন এরেস্ট দেখাতে আদালতে আবেদন করে। নিহত আব্দুস সাত্তারের সন্তানরা ঘটনাটিকে জমি সংক্রান্ত বিরোধে ঘটতে পারে বলে ধারণা করেন। এর প্রেক্ষিতে তারা মামলার এজাহারে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টিও উল্লেখ করেন।
