সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নুর ৯৩তম জন্মবার্ষিকী আজ

সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নুর ৯৩তম জন্মবার্ষিকী আজ

ফন্ট সাইজ:

শিল্পবিপ্লবের অগ্রদূত, বিশিষ্ট শিক্ষানুরাগী, বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নুর ৯৩তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৩ সালের ১৭ই আগস্ট পদ্মা নদীবেষ্টিত মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইব্রাহিমপুর গ্রামে এই কীর্তিমান পুরুষ জন্মগ্রহণ করেছিলেন। মুন্নু পরিবারের জন্য আগস্ট মাসটি আনন্দ ও বেদনার এক চিরস্মরণীয় প্রতীক। ১৯৫৫ সালের ৩ই আগস্ট তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০১৭ সালের ১লা আগস্ট মৃত্যুবরণ করেন। ফলে একই আগস্ট মাসে তার জন্ম, বিবাহ ও প্রয়াণ সংঘটিত হয়।

জন্মবার্ষিকী উপলক্ষে কর্মসূচি:
মুন্নু সিটির হুরুন নাহার জামে মসজিদে বাদ আসর বিশেষ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। মুন্নু মেডিকেল কলেজে কেক কাটা, আলোকচিত্র প্রদর্শন এবং মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মুন্নু গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এক দূরদর্শী শিল্পোদ্যোক্তা হিসেবে মরহুম হারুণার রশিদ খান মুন্নু দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে যেমন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তেমনই একজন উদার ও মানবিক মানুষ হিসেবে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
তার জ্যেষ্ঠ কন্যা বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বাবার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, এই আগস্ট মাস আমাদের পরিবারের জন্য একাধারে হাসি ও কান্নার। বাবা এতটাই সৌভাগ্যবান যে, একই মাসে তার জন্ম, বিয়ে এবং প্রয়াণ ঘটেছে। আমার কাছে আমার বাবা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। যিনি আমার আদর্শ, আমার পথচলার সঙ্গী। আমার অহংকারের সবটুকু জুড়েই শুধু আমার বাবা।