জিসান-আকবরদের ব্যাটে মুগ্ধ আশরাফুল

বিসিএল ফাইনালে চোখ

জিসান-আকবরদের ব্যাটে মুগ্ধ আশরাফুল

ফন্ট সাইজ:

রাজশাহী ও বগুড়ায় গ্রুপ পর্বের লড়াই শেষে বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) ওয়ানডে এখন মিরপুরমুখী। আগামীকাল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে নামবে সেন্ট্রাল ও নর্থ জোন। এই মেগা ফাইনালের আগে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে রোমাঞ্চিত সেন্ট্রাল জোনের কোচ মোহাম্মদ আশরাফুল। বিশেষ করে জিসান আলম ও আকবর আলির ব্যাটিং নির্বাচকদের নতুন করে ভাবাবে বলে মনে করেন তিনি।
গত শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিস্ট ‘এ’ ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন জিসান আলম। অন্যদিকে নর্থ জোনের হয়ে গ্রুপ পর্বে শতক হাঁকান আকবর আলি। গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সাবেক অধিনায়ক আশরাফুল এই তরুণদের অভিনন্দন জানান। আশরাফুল বলেন, ‘জিসান তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করলো, তাকে অভিনন্দন। আকবরও অসাধারণ খেলেছেন। এভাবে পারফর্ম করতে থাকলে নির্বাচকরা অবশ্যই তাদের নিয়ে চিন্তাভাবনা করবেন।’
আশরাফুল মনে করেন, আগামী দুই বছরে বাংলাদেশের ঠাসা সূচির কারণে বিসিএলে খেলা ক্রিকেটারদের সামনে বড় সুযোগ অপেক্ষা করছে। তিনি বলেন, ‘বিসিএলে অংশ নেয়া ৬০ জন প্লেয়ারেরই সুযোগ আছে। প্রচুর ম্যাচ থাকায় নির্বাচকদের হয়তো রোটেশন পদ্ধতিতে খেলাতে হতে পারে। তাই সবারই ফর্মে থাকা জরুরি।’
নর্থ জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বর্তমান ফর্ম নিয়েও ইতিবাচক আশরাফুল। বিপিএলের উদাহরণ টেনে তিনি বলেন, ‘শান্ত জানে কীভাবে বড় ম্যাচ খেলতে হয়। সে ভালো রিদমে আছে। আশা করি ফাইনালে তার ব্যাটে দুর্দান্ত একটি ইনিংস দেখতে পাবো।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন