সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে। বিজিবি জানায়, শনিবার ও রোববার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা। এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে।
আটক করা চোরাচালানি মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
