‘বগুড়ার নয়, তানজিদ বাংলাদেশের ছেলে’

‘বগুড়ার নয়, তানজিদ বাংলাদেশের ছেলে’

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা ঘুচিয়ে টেস্ট ক্রিকেটে এক ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্টে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারানোর পর থেকেই বইছে আনন্দের জোয়ার। ম্যাচ জয়ের মুহূর্তে কিশোরগঞ্জ যাওয়ার পথে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে ভিডিও কলে যুক্ত হয়ে বাংলাদেশ উষ্ণ অভিনন্দন জানান। ভিডিও কলের একপর্যায়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান তানজিদ হাসানকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘ও তানজিদ হাসান, বগুড়ার ছেলে।’ এর জবাবে প্রধানমন্ত্রী মন্তব্য করে বলেন, ‘ও বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে।

সে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে, বগুড়াকে নয়।’ খেলার বাইরে নিজের ব্যস্ততার মাঝেই প্রধানমন্ত্রী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, হাসান মাহমুদ ও সেঞ্চুরিয়ান তানজিদের সঙ্গে কথা বলেন। দলের খেলোয়াড়দের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের স্বাগত জানানোর জন্য। সবার শরীর ভালো আছে তো? আসেন আপনারা সুস্থভাবে, দেশের মানুষ আপনাদের বরণ করতে মুখিয়ে আছে।’ এ সময় ডারউইনের গরম আবহাওয়া প্রসঙ্গে শান্ত জানান, আবহাওয়া বাংলাদেশের মতোই ছিল। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদেরই দুর্গ ভাঙা দেশের ক্রিকেটের জন্য অন্যতম গৌরবের মাইলফলক বলে উল্লেখ করেন সরকারপ্রধান। তিনি আশা প্রকাশ করেন, টাইগাররা তাদের এই আত্মবিশ্বাস ধরে রেখে আগামী ম্যাচগুলোতেও দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনবে।