ওয়ানডে ক্রিকেটে মালয়েশিয়ার সর্বোচ্চ সংগ্রহ ২৩৫ রান। সেই মালয়েশিয়াকে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে গতকাল শেষ ওয়ানডেতে ৩৭০ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। পাহাড়সম এ লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ভুগেছে সফরকারীরা। ১৩২ রানে থামে মালয়েশিয়ার ইনিংস। ২৩৭ রানের বড় জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। এর আগে প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের দেখা পেয়েছিল স্বাগতিকরা। ফলে মালয়েশিয়াকে হোয়াইটওয়াশের অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ ছাড়তে হচ্ছে।
টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দুই ওপেনার জাওয়াদ আবরার ও মঈনুল ইসলাম তন্ময় দারুণ শুরু এনে দেন। ৮ ওভার ৩ বলে ৮২ রান তুলে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। ৫ ছক্কা ও ৫ চারে ৩২ বলে ৫৩ রান করেন আবরার। ৬ চারে ৩০ রান করেন মঈনুল। তবে বাংলাদেশের ইনিংসে সবচেয়ে সফল ব্যাটার আদিল বিন সিদ্দিক। ১৪ চার ও ৪ ছক্কায় ১১১ বলে খেলেন ১৩৫ রানের ইনিংস। খালিদ ৭৩, রিজান ১৫, পায়েন ২৪ ও জীবনের ১৩ বলে ২৩ রানের ক্যামিওতে ৩৬৯ রান তোলে বাংলাদেশ। জবাবে মালয়েশিয়ার শুরুটা ভালো হয়নি।
ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন উল্লাহ মালিক। তাকে ফিরিয়ে স্বাগতিকদের শুরুটা দুর্দান্ত করেন পেসার রাহিন আহমেদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। সাত ব্যাটার দুই অঙ্ক ছুঁলেও কেউই থিতু হতে পারেননি। ইনিংস সর্বোচ্চ ২০ রান আসে অধিনায়ক সায়েদ আজিজের ব্যাট থেকে। নাজমুস সাকিব ৭ বলে ১৬, বিজয় উন্নি ৪৫ বলে ১৬, আসলাম খান ১৩ বলে ১৫, আহমেদ আকিল ৩১ বলে ১৫ এবং আজাব খান ২৬ বলে ১৪ রান করেন। আরিফ উল্লাহর ব্যাটে আসে ৮ রান। প্রাশান্ত মাধুকর ২৪ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের বোলারদের মধ্যে রাফি ?ও জীবন তিনটি করে উইকেট নেন। রাহিনের শিকার দুই উইকেট।
