২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার একদম কাছে গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছিল দক্ষিণ আফ্রিকার। সেই ক্ষতে প্রলেপ দিতে এবার যেন কোমর বেঁধে নেমেছে প্রোটিয়ারা। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সুপার এইটের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে পা রাখে এইডেন মার্করামের দল। টানা সাত জয়ের আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। আগামী ৪ঠা মার্চ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনসে প্রথম সেমিফাইনালে লড়বে এই দুই দল।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে তারা। দলের পক্ষে অধিনায়ক সিকান্দার রাজা একাই লড়াই করেন। ৪৩ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। দক্ষিণ আফ্রিকার পক্ষে কোয়েনা মাফাকা ও করবিন বশ দুটি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট পান অ্যানরিখ নরকীয়া, লুঙ্গি এনগিদি ও লিন্ডে।
১৫৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে পাওয়ার প্লে-তেই চাপে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। ৫.৫ ওভারে মাত্র ৪৩ রানে টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে বসে তারা। দুই ওপেনার কুইন্টন ডি কক (০) ও অধিনায়ক এইডেন মার্করামকে (৪) দ্রুত বিদায় করেন সিকান্দার রাজা। রায়ান রিকেলটন ৩১ রান করে ফিরে গেলে দলের হাল ধরেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। চতুর্থ উইকেটে এই জুটি মাত্র ২৫ বলে ৫০ রান যোগ করেন। মিলার ২২ রান করে আউট হওয়ার পর ব্রেভিসও ১৮ বলে ৪২ রানের (২টি চার ও ৪টি ছক্কা) এক ঝড়ো ইনিংস খেলে বিদায় নেন। ১০.৪ ওভারে ১০১ রানে ৫ উইকেট হারিয়ে প্রোটিয়ারা যখন কিছুটা শঙ্কায়, তখন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হন ত্রিস্তান স্টাবস ও জর্জ লিন্ডে। ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৫৩ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ১৩ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তারা।
দক্ষিণ আফ্রিকা ম্যাচ জিতলেও অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। ব্যাট হাতে ৭৩ রানের পাশাপাশি বল হাতে ৪ ওভারে মাত্র ২৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি।
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে অপরাজিত থেকে সুপার এইটে উঠেছিল জিম্বাবুয়ে। তবে সুপার এইটে এসে পথ হারিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর আজ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো রাজার দলকে।
অপরাজিত থেকে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা, সামনে নিউজিল্যান্ড
স্পোর্টস ডেস্ক
খেলা
৩ মাস আগে
১ মার্চ (রবিবার), ২০২৬, ৮ঃ২৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
