মাতামুহুরীতে সন্ত্রাসী হামলায় পশু চিকিৎসক নিহত

মাতামুহুরীতে সন্ত্রাসী হামলায় পশু চিকিৎসক নিহত

ফন্ট সাইজ:

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে সন্ত্রাসী হামলায় আহত পশু চিকিৎসক মেহেদী হাসান সাকিব (২৭) মারা গেছেন। গত শনিবার রাতে চট্টগ্রাম এশিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মেহেদী হাসান সাকিব বদরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাতডালিয়া পাড়ার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ১৩ই আগস্ট লবণ মাঠে কাজ করার সময় এক সহপাঠী শ্রমিকের জুতা হারানোকে কেন্দ্র করে নিহত সাকিবের ভাইয়ের ওপর প্রথম দফায় হামলা চালায় দুর্বৃত্তরা। পরবর্তীতে ভুক্তভোগী নিজ এলাকা সাতডালিয়ায় ফিরলে স্থানীয় হেলাল উদ্দিনের ছেলে চিহ্নিত সন্ত্রাসী ইমনের নেতৃত্বে পুনরায় তার ওপর হামলা চালানো হয়। পর পর দু’দফা হামলার পর বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির জন্য এলাকার সচেতন মহল সালিশ বৈঠকের উদ্যোগ নেন। তবে অভিযুক্তরা এলাকার প্রভাবশালী ও সন্ত্রাসী চক্রের সদস্য হওয়ায় তারা সামাজিক সালিশ অমান্য করে বৈঠকে উপস্থিত হয়নি।

?বাড়িতে ঢুকে বর্বর তাণ্ডব সালিশ অমান্য করার পরদিন শনিবার সকাল ৭টার দিকে চিহ্নিত সন্ত্রাসী কাইফু ও ইমনের নেতৃত্বে একদল সশস্ত্র ক্যাডার দেশীয় অস্ত্র, দা, কিরিচ ও লোহার রড নিয়ে পশু চিকিৎসক সাকিবের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে সাকিবের পাশাপাশি ওয়াজ উদ্দিনের ছেলে আরফাত (২১) ও মোশাররফ (২৪) গুরুতর আহত হন। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে চট্টগ্রাম এশিয়ান হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে সাকিবের মৃত্যু হয়। স্থানীয় জনসাধারণ ও নিহতের স্বজনরা অবিলম্বে মূল আসামিদের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। চকরিয়া থানা পুলিশ জানায়, ঘটনার বিষয়টি তারা অবগত রয়েছেন এবং জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।