রাঙ্গামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

রাঙ্গামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

ফন্ট সাইজ:

রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও দুইজন আহত হয়েছেন। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) ও শোভা চাকমা (৫২)। আহত দু’জন হলেন, পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও যাত্রী সুমন চাকমা (৪৫)। তাদের রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে পিকআপটি মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের দ্রুত রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারজনে। নিহত মেঘরানী চাকমার বাড়ি নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায়।

শান্তনা চাকমা রাঙ্গামাটি শহরের আমানতবাগ এলাকার এবং শান্তি রঞ্জন চাকমা বিজয়নগর এলাকার বাসিন্দা। শোভা চাকমার বাড়িও নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি এলাকায়। আহত পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা ও যাত্রী সুমন চাকমাকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে রোববার সকাল ৯টার দিকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে যান রাঙ্গামাটি সংসদীয় আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নেন এবং নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি স্বজনদের সান্ত্বনা দেন এবং দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। রাঙ্গামাটি কোতোয়ালি থানার এসআই তোফাজ্জল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে।