আমতলীতে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

আমতলীতে শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

ফন্ট সাইজ:

বরগুনার আমতলী সরকারি একে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির জাবেদ ইমন (১৫) হত্যার বিচার ও হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। রোববার এসব কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল সমাবেশ ও মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও কয়েকশ’ সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আমতলী পৌর শহরের চৌরাস্তায় মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ইমন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত জাবেদ ইমন আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পূর্ব আরপাঙ্গাশিয়া গ্রামের আউয়াল প্যাদার ছেলে। সে আমতলী সরকারি এ কে মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।
উল্লেখ্য, গত ২৯শে জুলাই আরপাঙ্গাশিয়া ইউনিয়নের পশুরবুনিয়া স্লুইস গেট এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় ইমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের সময় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে আমতলী থানা পুলিশের প্রচেষ্টায় নিহতের পরিচয় শনাক্ত হয়। জাবেদ ইমনের পরিচয় নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, স্বজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।