রাজনগরে দম্পতির ঝুলন্ত লাশ নিয়ে রহস্য, নানা প্রশ্ন

ফন্ট সাইজ:

উদনা চা বাগানের বিনতা বাউড়ির স্বামী নিমাই বাউড়ি মারা গিয়েছেন প্রায় দুই বছর আগে। নিজের তিন সন্তান নিয়েই ছিল তার বসবাস। স্বামী মারা যাওয়ার কিছুদিন পরই একই এলাকার মঙ্গল বাউড়ির সঙ্গে শুরু হয় প্রেমের সম্পর্ক। তবে, মঙ্গল বাউড়িও ছিলেন বিবাহিত। তারও একটি সন্তান রয়েছে। নিজেদের মধ্যে এ সম্পর্ককে আরও দৃঢ় করতেই প্রায় মাস দেড়েক আগে উভয়ে কোর্ট ম্যারেজ করেন। এরপর থেকে কেউই বাড়িতে ছিলেন না। বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে ক’দিন হলো এলাকায় এসেছেন বলে দেখেছেন অনেকেই। কিন্তু হঠাৎ করেই রোববার সকালে উভয়ের ঝুলন্ত লাশ পাওয়া যায় পার্শ্ববর্তী মাথিউড়া চা বাগানের মোকাম আকাশি টিলায় একটি নিম গাছে।

এ নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। অনেকেরই প্রশ্ন কেন তারা এ পথ বেছে নিলো? কী ঘটেছিল তাদের মাঝে? নাকি তাদের হত্যা করে লাশ ঝুলিয়ে দেয়া হয়েছে? বিয়ের ১ মাসের মাথায় এমন ঘটনায় দেখা দিয়েছে না প্রশ্ন। উভয়ের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী রাজনগর থানার উপ-পরিদর্শক মোহাম্মদ লোকমান হোসেন বলেন, তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তাদের আত্মীয়স্বজন জানিয়েছেন উভয়ের পারিবারিকভাবে কলহ হয়েছিল। এনিয়ে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনার খবর পেয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।