গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনকে কেন্দ্র করে বন্ধুদের মধ্যে বিরোধের জেরে ছুরিকাঘাতে আকাশ মিয়া (২২) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। শনিবার দিবাগত গভীর রাতে কালিয়াকৈর ট্রাক স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া নওগাঁর বদলগাছী উপজেলার আটাপাড়া পাহাড়পুর এলাকার মজিদুল ইসলামের ছেলে। আকাশ কালিয়াকৈরের কুতুবদিয়া এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি রাজধানী পরিবহনের একটি বাসে হেলপার হিসেবে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত পৌনে তিনটার দিকে ট্রাক স্ট্যান্ড এলাকায় চার বন্ধুর মধ্যে মাদক নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাকবিতণ্ডার মধ্যে এক বন্ধু আকাশকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তার সঙ্গে থাকা তিন বন্ধু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আকাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, মাদককে কেন্দ্র করে চার বন্ধুর মধ্যে বিরোধের একপর্যায়ে ছুরিকাঘাতে বাস হেলপার আকাশ নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
