আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরাইলে আঘাত ইরানি ক্ষেপণাস্ত্রের, নিহত কমপক্ষে ৯

আয়রন ডোম ফাঁকি দিয়ে ইসরাইলে আঘাত ইরানি ক্ষেপণাস্ত্রের, নিহত কমপক্ষে ৯

ফন্ট সাইজ:

ইরানের হামলায় তটস্থ ইসরাইল। ইরান থেকে আয়রন ডোমকে ফাঁকি নিয়ে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে কমপক্ষে ৯জন ইসরাইলি নিহত হয়েছে। হামলার সময় ইসরাইলের জনগণকে উদ্ভ্রান্তের মতো ছুটাছুটি করতে দেখা যায়। শনিবারের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা ও বেসামরিক জনগণকে হত্যার বদলা নিতে রোববার মরিয়া হয়ে ওঠে ইরান। তারা শনিবার থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালাচ্ছে। একই সঙ্গে রোববার তারা ইসরাইলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা করে। ইসরাইলের কেন্দ্রীয় শহর বেইন শেমেশে একটি আশ্রয়কেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানলে কমপক্ষে আটজন নিহত হন বলে ইসরাইলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে। পরে বলা হয়, নিহত হয়েছে আরও একজন। হামলায় আরও দুজন গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজন কিশোরী রয়েছে। ঘটনাস্থলে কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চার বছর বয়সী একটি ছেলেও রয়েছে।

দমকল বাহিনীর দল ঘটনাস্থলে ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছে কিনা তা অনুসন্ধান করছে। যে বাড়িটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে সেটি ছাড়াও আশপাশের কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের উদ্ধার ও জরুরি সেবা দল ঘটনাস্থলে কাজ করছে। প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগে নিয়ম অনুযায়ী সতর্কতা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। এছাড়া কেন্দ্রীয় ইসরাইলের আরেকটি স্থানে শার্পনেলের আঘাতে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি আহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের ভেতরে দুটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের অংশ পাওয়া গেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ওদিকে টাইমস অব ইসরাইল বলেছে, শনিবার দিবাগত রাতে ইসরাইলের তেল আবিবে একটি আবাসিক এলাকায় আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে একজন নারী নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। ইরানের সঙ্গে নতুন করে লড়াইয়ে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইসরাইল। উপকূলীয় শহরের একটি এপার্টমেন্টে ওই ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আঘাত করার পর আশঙ্কাজনক অবস্থায় আহত হন ওই নারী। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন