দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১০১ শিশু। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮০ শিশু এবং হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে আরও ১ হাজার ২১ শিশু।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে নিয়ে মারা গেছে ৮০৯ শিশু। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৯ শিশুর। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০৮।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হওয়ার পাশাপাশি হাসপাতালে ভর্তি হয়েছে ৯৬৩ শিশু। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৫০ শিশু। ফলে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ও চিকিৎসাধীন রোগীর চাপ এখনো অব্যাহত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ই মার্চ থেকে ১৬ই আগস্ট পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৯৭। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮৮০ জনের।
এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৪ হাজার ৪৫৭ রোগী। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৯ হাজার ৯৩৯ শিশু।
