ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত রিদমিক জিমন্যাস্টিকস বিশ্ব চ্যাম্পিয়নশিপের পোডিয়ামে জায়গা করে নিয়ে সবার আগে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের দলগত বিভাগে কোটা নিশ্চিত করেছে স্পেন, জাপান ও ব্রাজিল। গত শনিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। এছাড়া রৌপ্য পাওয়া জাপান এবং ব্রোঞ্জজয়ী ব্রাজিল এই ইভেন্ট থেকে অলিম্পিকের টিকিট কাটে।
জাপানের হয়ে এই সাফল্য এনে দিয়েছেন হিসানো তাগুচি, মেগুমির নিশিমোতো, কাসেনো তানাবে, নাতসুমি হানামুরা, ইউনা তানাকা ও রিন মানাবে। এর মাধ্যমে লস অ্যাঞ্জেলেস গেমসে সব ডিসিপ্লিন মিলিয়ে প্রথমবার কোটায় স্থান পেলো দেশটি। ২০২১ সালের টোকিও অলিম্পিকের পর এই প্রথম অলিম্পিকের রিদমিক জিমন্যাস্টিকস দলগত অল-আরাউন্ড প্রতিযোগিতায় ফিরলো জাপান। দলের সদস্য হিসানো তাগুচি রয়টার্সকে বলেন, ‘গলায় এই ভারী পদকটি ঝোলার পর আমার মন এখন আনন্দে ভরে গেছে।
যেহেতু আমার সতীর্থ নিশিমোতো এবং আমি এর আগে প্যারিস অলিম্পিকের টিকিট পেতে ব্যর্থ হয়েছিলাম, তাই লস অ্যাঞ্জেলেসে খেলার এই সুযোগটি আমাদের কাছে অন্য সবার চেয়ে অনেক বেশি মূল্যবান। এ বছরই এই কোটা নিশ্চিত করতে পারা আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।’ রিডমিক জিমন্যাস্টিকস ডিসিপ্লিনের পরবর্তী অলিম্পিক কোটা স্থানগুলো ২০২৭ সালের ওয়ার্ল্ড কাপ সিরিজ, ২০২৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ২০২৮ সালের মহাদেশীয় চ্যাম্পিয়নশিপের মাধ্যমে নির্ধারিত হবে।
