টটেনহ্যাম হটস্পার থেকে ইংলিশ ডিফেন্ডার জেড স্পেন্সকে দলে ভেড়ালো ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। পাঁচ বছরের চুক্তিতে সিরি-আ চ্যাম্পিয়নদের ডেরায় যোগ দিলেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। বৃটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতালিয়ান চ্যাম্পিয়নরা ইংলিশ উইং-ব্যাকের জন্য প্রায় ৩ কোটি পাউন্ড (৪০.৫৯ মিলিয়ন ডলার) খরচ করেছে। গত শনিবার এক বিবৃতিতে ইন্টার মিলান জানিয়েছে, ‘২০০০ সালে জন্ম নেয়া ইংলিশ উইং-ব্যাক টটেনহ্যাম হটস্পার থেকে পাকাপাকিভাবে নেরাজ্জুরিদের সাথে যুক্ত হয়েছেন। ক্লাবটির সাথে ৩০ জুন ২০৩১ পর্যন্ত চুক্তি সই করেছেন স্পেন্স।’
উত্তর লন্ডনের ক্লাব টটেনহ্যামে চার বছরের ক্যারিয়ারে ৮৫টি ম্যাচ খেলেছেন স্পেন্স। জিতেছেন ইউরোপা লীগ। ক্লাবটিতে শুরুর দিকে মূল দলে নিয়মিত সুযোগ পাননি স্পেন্স। ধারে খেলেন রেনেস, লিডস ইউনাইটেড এবং জেনোয়ার মতো ক্লাবে। পরে অবশ্য পারফর্ম করে স্পার্সের মূল দলে জায়গা পাকাপোক্ত করেন তিনি। চলতি বছর অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে টমাস টুখেলের ইংল্যান্ড দলে ছিলেন এই ফুল-ব্যাক। টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে আটটি ম্যাচ খেলেছেন তিনি। ইন্টার মিলানে গিয়ে সতীর্থ হিসেবে তিনি পাচ্ছেন ম্যানচেস্টার সিটি ছেড়ে দুই বছরের চুক্তিতে যোগ দেয়া আরেক ইংলিশ ডিফেন্ডার জন স্টোনসকে।
