অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা হয়েছে। মামলায় তার প্রেমিক হাসিবুর রহমানকে আসামি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। রবিবার সকালে ডিএমপির ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধারের ঘটনায় তার মা বাদী হয়ে শনিবার আত্মহত্যার প্ররোচনার মামলাটি করেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে রিধির প্রেমিক হাসিবুর রহমানকে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।
পুলিশ জানায়, শনিবার ভোরে ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে রিধিকার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর আগে তিনি প্রেমিক হাসিবুর রহমানের সঙ্গে ভিডিও কলে ছিলেন। ওই সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে রিধিকার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের বিষয়গুলো জানতে তদন্ত চলছে।
