প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন অভিনেত্রী ও মডেল রিধিকা রিধি। শনিবার ভোরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় এ ঘটনা ঘটে। আত্মহত্যার আগে প্রেমিকের সঙ্গে কথাকাটাকাটি ও ঝগড়াঝাটি হয়। পরে তার মরদেহ উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে আমরা কুর্মিটোলা হাসপাতালে গিয়ে রিধির মরদেহ পাই। তার মা ও পরিবারের সদস্যদের তথ্যমতে, একজনের সঙ্গে রিধির প্রেমের সম্পর্ক ছিল। ভোরে ওই ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা মামলা নিয়েছি।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। রিধির পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য নেয়া হচ্ছে। একইসঙ্গে তার সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক ও মৃত্যুর আগে তাদের মধ্যে কী ঘটেছিল, সেটিও তদন্তের আওতায় রয়েছে।
রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান। পরবর্তী সময়ে অভিনয়েও নিয়মিত কাজ করেন। বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী। রিধির অভিনীত নাটকের মধ্যে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’ উল্লেখযোগ্য। রিধি মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন।
