ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষেও দাপট ধরে রেখেছে বাংলাদেশ। হার এড়াতে চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার ব্যাটারদের অলৌকিক কিছুই করে দেখাতে হবে। মাঠে অজি ক্রিকেটারদের মনোভাবই বলে দেয় নিজেদের আঙিনায় টাইগারদের কাছে তারা কতোটা অসহায়। ম্যাচ শেষে ফক্স স্পোর্টস শিরোনাম করেছে, ‘ডারউইনে আরেকটি দুর্বিষহ দিনে অস্ট্রেলিয়ার অস্তিত্বের লড়াই এবং ইতিহাস গড়ার দোরগোড়ায় ‘মিনোজ’ দল বাংলাদেশ।’ ফক্স স্পোর্টসের শিরোনামের মতোই অস্ট্রেলিয়ার জন্য চতুর্থ দিনটি অস্তিত্বে লড়াই বলা চলে। তৃতীয় দিন শেষে স্বাগতিকরা যে চাপে রয়েছে সেটা জস হ্যাজেলউডের সংবাদ সম্মেলনে স্পষ্ট। সাদা পোশাকে ৩০০ উইকেটের মাইলফলক ছোঁয়া এ ডানহাতি পেসার স্বীকার করেছেন চাপে থাকার কথা।
এক বছরের বেশি সময় পর সাদা পোশাকে ফেরার উপলক্ষটা বেশ ভালোভাবেই রাঙিয়েছেন হ্যাজেলউড। প্রথম ইনিংসে বাংলাদেশের ৬ ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে অজিদের সবচেয়ে সফল বোলার তিনি। তার দাপুটে পারফরম্যান্সের পরও জয়ের দোরগোড়ায় বাংলাদেশ।
দল চাপে থাকার ব্যাপারটি স্বীকার করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। হ্যাজেলউড বলেন, ‘এখনো বলা যাচ্ছে না। সেশন বাই সেশন এগোতে হবে। চতুর্থ দিন (আজ) আমাদের ধীরে ধীরে ওদের চাপে ফেলতে হবে। উইকেট অনুযায়ী এখনো অনেক খেলা বাকি। কাল যদি সারাদিন ব্যাট করতে পারি, এরপর পঞ্চম দিনের নাজুক উইকেটের সুবিধা নিয়ে ওদের কিছু উইকেট তুলে নিতে পারি, দেখা যাক কী হয়।’ অস্ট্রেলিয়ার নবম ও বিশ্বের ৩৩তম বোলার হিসেবে সাদা পোশাকে ৩০০ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। সাদা পোশাকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ও ক্যারিয়ারের ১৪তম ফাইফার পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে হ্যাজেলউড বলেন, ‘পাঁচ উইকেট পেয়ে ভালো লাগছে। স্মৃতিতে থাকবে অনেকদিন। আমরা আরও ভালো করতে পারতাম। রান আরও কম দেয়ার সুযোগ ছিল। সবাই ভালো বল করেছে। কিছু ক্যাচ ধরতে পারলে ভালো হতো।’ ডারউইন টেস্টের প্রথম দিনে ১১, দ্বিতীয় দিনে পাঁচ ও তৃতীয় দিনে ৯টি উইকেট পড়েছে। সময় গড়ানোর সঙ্গে উইকেট ব্যাটিংবান্ধব হচ্ছে বলে মনে করছেন হ্যাজেলউড। তিনি বলেন, ‘প্রত্যেক ব্যাটার নিজের শক্তির জায়গা বুঝে খেলে। যে যেভাবে স্বাচ্ছন্দ্য, সেভাবে ব্যাট করাই ভালো। পিচ এখনেঅ ব্যাট করার জন্য ভালো।
বাংলাদেশ নতুন বলে কিছু উইকেট তুলে নিয়েছে। তারা খুব টাইট বোলিং করেছে।’ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট খেলছে বাংলাদেশ। লম্বা সময় পর সেখানে গিয়ে রীতিমতো দাপট দেখাচ্ছেন বোলাররা। বিশেষ করে টাইগার পেসারদের সামনে নাস্তানাবুদ হয়েছেন স্বাগতিক ব্যাটাররা। এমন পারফরম্যান্সের প্রশংসা করতে ভোলেননি হ্যাজেলউড। ডানহাতি এ পেসার বলেন, ‘এই কন্ডিশনে তারা দুর্দান্ত বল করেছে। প্রথম দিন শুরুতে উইকেটে ময়েশ্চার ছিল। তারা এটা সর্বোচ্চ কাজে লাগিয়েছে। ফুল লেন্থে খুব সুন্দর বল করেছে। সব মিলিয়ে তারা খুব সুন্দর বল করেছে।’
