কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্টের প্রথম ধাপের উদ্বোধন

কুমিল্লায় নারী হকি ডেভেলপমেন্টের প্রথম ধাপের উদ্বোধন

ফন্ট সাইজ:

তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান নারী হকি খেলোয়াড় খুঁজে বের করতে প্রতি বছর হকি ডেভেলপমেন্ট প্রোগাম আয়োজন করে বাংলাদেশ হকি ফেডারেশন। বছর ঘুরে আবারো সেই টুর্নামেন্ট ফিরে এসেছে। গৌরব ও ঐতিহ্যের নগরী কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গতকাল এ টুর্নামেন্টের প্রথম ধাপ উদ্বোধন করা হয়। বাংলাদেশ হকি ফেডারেশনের এ আয়োজনে ২ কোটি টাকা পৃষ্ঠপোষকতা করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ টুর্নামেন্টের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন জেলা থেকে ৫০০ জনেরও বেশি উদীয়মান নারী হকি খেলোয়াড় পেশাদার প্রশিক্ষণ, স্কলারশিপ ও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাবেন।

নির্বাচিত জেলাগুলো থেকে ২৫ জন করে মোট ১৭৫ জন নারী খেলোয়াড়কে নিয়ে দক্ষ কোচের অধীনে ২০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প করানো হবে। ক্যাম্পে অংশগ্রহণকারী মেয়েদের বিনামূল্যে হকি গিয়ার, স্টিক, বল এবং জার্সি প্রদান করবে বাহফে। দেশের মোট ৮টি জেলায় এই বিশেষ ক্যাম্প পরিচালিত হচ্ছে। জেলাগুলা হচ্ছে- কুমিল্লা, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোণা, কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ। সারা বছর দেশব্যাপী এই জেলাভিত্তিক নিবিড় প্রশিক্ষণ ও ট্যালেন্ট হান্ট ক্যাম্প শেষে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে বছরের শেষভাগে (সম্ভাব্য সেপ্টেম্বর-নভেম্বর সময়ে) ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট ২০২৬’ আয়োজিত হবে। গতবার ঢাকার মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বিকেএসপি ৮-০ গোলের বিশাল ব্যবধানে জোন-২ (ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল)-কে পরাজিত করে শিরোপা জেতে।