৫০ মিলিয়ন ইউরোতে নতুন ঠিকানায় তোরেস

ফন্ট সাইজ:

বিশ্বকাপ ফাইনালের ইনজুরি টাইমে যে গোলটা করে আর্জেন্টিনার স্বপ্ন ভেঙেছিলেন, সেই গোলই যেন বদলে দিলো ফেরান তোরেসের ক্যারিয়ারের মোড়। স্পেনকে দ্বিতীয় বিশ্বকাপ এনে দেয়া এই ফরোয়ার্ড এবার নাম লেখালেন প্যারিস সেন্ত জার্মেই বা পিএসজিতে। টানা দুইবার চ্যাম্পিয়নস লীগ জেতা পিএসজি তোরেসকে দলে ভিড়িয়েছে ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড ছয় বছরের চুক্তিতে সই করেছেন। যা তাকে প্যারিসে রাখবে ২০৩১ সাল পর্যন্ত। বিশ্বকাপে স্পেনের সেরা একাদশে নিয়মিত জায়গা পাননি তোরেস। তবু মাঠে নেমে যখনই সুযোগ পেয়েছেন, প্রমাণ করেছেন নিজের জাত। ফাইনালে অতিরিক্ত সময়ে করা তার গোলেই আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। জাতীয় দলের মঞ্চে যেমন, ক্লাব ফুটবলেও গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে তোরেসের। বার্সেলোনার জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে করেছেন ২১ গোল, সঙ্গে ৩টি অ্যাসিস্ট। লা লিগা শিরোপা জয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

২০২২ সালে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমানোর পর থেকেই ধারাবাহিকভাবে নিজেকে মেলে ধরেছেন তিনি। জাতীয় দলের পরিসংখ্যানও চোখ ধাঁধানো। স্পেনের হয়ে এ পর্যন্ত ৬৫ ম্যাচে করেছেন ২৫ গোল। জাতীয় দলে তার অভিষেক হয়েছিল লুইস এনরিকের অধীনে। পিএসজিতে সেই এনরিকের অধীনেই খেলবেন তিনি। বার্সেলোনার সাবেক কোচ ও খেলোয়াড় এনরিকের হাত ধরেই পিএসজি জিতেছে টানা দুই মৌসুমের চ্যাম্পিয়নস লীগ শিরোপা। এই মৌসুমের দলবদলে তোরেসই পিএসজি’র দ্বিতীয় বড় তারকা ফরোয়ার্ড সংযোজন। এর আগে মোনাকো থেকে মানেস আকলিউশকে দলে টেনেছে তারা। গত বুধবার অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপও নিজেদের করে নিয়েছে ফরাসি জায়ান্টরা। তোরেসকে দলে টানায় পিএসজি’র আক্রমণভাগে জায়গা নিয়ে টানাপড়েন দেখা দিতে পারে। শোনা যাচ্ছে, এই কারণে ব্র্যাডলি বারকোলাকে লিভারপুলের কাছে বিক্রি করে দিতে পারে ক্লাবটি।