নিউইয়র্কে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাতবার্ষিকী অনুষ্ঠিত

নিউইয়র্কে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাতবার্ষিকী অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

নিউইয়র্কে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।
১৪ই আগস্ট বাদ মাগরিব জ্যাকসন হাইটস জামে মসজিদে বিএনপি যুক্তরাষ্ট্র শাখা ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের শুরুতে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ সোলাইমান ভূঁইয়া রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কর্মময় জীবন ও অবদানের কথা স্মরণ করেন।

তিনি বলেন, ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাহবুব আলী খান বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দেশের দক্ষিণাঞ্চল ও তালপট্টিসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে তার অবদানের কথাও তিনি তুলে ধরেন।
সোলাইমান ভূঁইয়া রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত মুসল্লিদের দোয়ার আহ্বান জানান।
জ্যাকসন হাইটস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক দোয়া ও মিলাদ পরিচালনা করেন। মোনাজাতে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি জিয়া পরিবারের সদস্যদের কল্যাণ এবং রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিণী ও দুই কন্যাসহ পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে জাকির এইচ. চৌধুরী, গিয়াস উদ্দিন, মোশারফ হোসেন সবুজ, আবু সাঈদ আহমেদ, মাকসুদুল এইচ. চৌধুরী, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, এটিএম হেলালুর রহমান, মোহাম্মদ বাচ্চু, শেখ ইউসুফ আলী, তারেক চৌধুরী, দিপু, মনির হোসেন, মোর্শেদুল আলম, মোহাম্মদ রাসেল ও নসিব ভান্ডারীসহ অনেকে অংশ নেন। এ ছাড়া বিপুলসংখ্যক মুসল্লি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপির অসুস্থ নেতা আব্দুস সবুর, রুহুল আমিন নাসির ও শাহাদাত হোসেন রাজুর সুস্থতা কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।