তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অগ্রগতি হলে জানাবে ভারত

তারেক রহমানের দিল্লি সফর নিয়ে অগ্রগতি হলে জানাবে ভারত

ফন্ট সাইজ:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে যোগ দেয়া নিয়ে কোনো অগ্রগতি হলে মিডিয়াকে জানানো হবে। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। এতে তিনি আরও জানান, বাংলাদেশের জ্বালানি সংকটের মধ্যে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনা করবে ভারত। তবে এ ক্ষেত্রে নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা ও দেশে ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় নেয়া হবে বলে জানিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশের অতিরিক্ত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহের অনুরোধ নিয়ে প্রশ্ন করা হলে জয়সোয়াল এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ডিজেল সরবরাহের বিষয়ে ভারতের একটি চলমান ব্যবস্থা রয়েছে। সেটি অব্যাহত আছে। তবে অতিরিক্ত সরবরাহের বিষয়ে বাংলাদেশের যে অনুরোধের কথা বলা হয়েছে, তা ভারতের নিজেদের চাহিদা, পরিশোধন সক্ষমতা এবং দেশে ডিজেলের প্রাপ্যতা বিবেচনায় নিয়ে পর্যালোচনা করা হবে। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও প্রশ্ন করা হয়। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি চলছে- এমন খবর প্রকাশিত হলেও ভারত এখনো সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এ বিষয়ে রণধীর জয়সোয়াল বলেন, ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীকে। একই সঙ্গে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নিতে তাকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি হলে গণমাধ্যমকে জানানো হবে। ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, ২২ বা ২৩ আগস্ট তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা রয়েছে। সফরটি হলে এটি প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম ভারত সফর হবে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয় আলোচনায় আসতে পারে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো সফরের তারিখ কিংবা কর্মসূচি আনুষ্ঠানিকভাবে জানায়নি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সফর হলে তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করতে পারেন। সাম্প্রতিক টানাপড়েনের মধ্যে দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।