আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

ফন্ট সাইজ:

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাল্যবিবাহ চলাকালে অভিযান চালিয়ে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় বর ও কনের উভয় পক্ষকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার উপজেলার বাকাল ইউনিয়নের রাশেদ হাওলাদারের মেয়ে ও কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী জান্নাত আক্তার (১৩)-এর সঙ্গে পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার হারতা গ্রামের মোহাম্মদ বাচ্চুর ছেলে আকাশ খলিফার বিয়ের আয়োজন করা হয়।

বিয়ের খবর পেয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহটি বন্ধ করে দেন। একই সঙ্গে বাল্যবিবাহের আয়োজন করায় কনের পক্ষকে ৫ হাজার টাকা এবং বরের পক্ষকে ৫ হাজার টাকা, মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কনের পরিবারকে বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ওই ছাত্রীর বিয়ে না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। স্থানীয়রা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।