দেশের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছিল কলকাতার নায়িকা ইধিকা পালের। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি। ছবিটির মাধ্যমে দুই বাংলা জুড়ে আলোচনার তুঙ্গে এসেছিলেন ইধিকা। সেই সিনেমার পর ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে ‘খাদান’ সিনেমায় অভিনয় করেন। সেই ছবিটিও ব্যাপকভাবে আলোচনায় আসে। পরবর্তীতে শাকিব-ইধিকা জুটি ‘বরবাদ’ সিনেমা করলে সেটিও সাফল্য পায়।
শাকিব-ইধিকা জুটিকে দ্বিতীয়বারের মতো খুব ভালোভাবে গ্রহণ করেন দর্শকরা। এরপর থেকেই আলোচনা ছিল শাকিব-ইধিকার তৃতীয় ছবি নিয়ে। শাকিবের পরবর্তী একাধিক ছবিতে ইধিকাকে নিয়ে আলোচনা চললেও শেষ পর্যন্ত একসঙ্গে দেখা যায়নি তাদের। এবার ফের জুটি বাঁধছেন তারা। তৃতীয়বারের মতো দর্শক দেখতে পাবেন শাকিব-ইধিকাকে।
শাকিবের আসন্ন সিনেমা ‘নিঃস্ব’-তেও ইধিকা নায়িকা থাকছেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘নিঃস্ব’ ইধিকার থাকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও সংশ্লিষ্টরা মুখ না খুললেও একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে ‘নিঃস্ব’ সিনেমার শুটিং শুরু হবে। রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যাপারে নির্মিত হবে সিনেমাটি। বিষয়টি নিয়ে এরইমধ্যে শাকিব ভক্তদের মধ্যে উন্মাদনা শুরু হয়েছে।
