তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে নেয়া লজ্জাজনক

তুচ্ছ বিষয়ে শিল্পীদের আদালতে নেয়া লজ্জাজনক

ফন্ট সাইজ:

সম্প্রতি শাড়িকাণ্ডে আদালতে যেতে হয়েছে অভিনেত্রী তানজিন তিশাকে। এর আগেও তারকাদের বিভিন্ন কারণে আদালতপাড়ায় হাজির হতে হয়েছে। অভিনেত্রী নুসরাত ফারিয়াও আছেন এ তালিকায়। গত বছরের ১৮ই মে বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে। যদিও একদিন পরই জামিন মেলে। তবে অপ্রত্যাশিত সে আচরণ ভুগিয়েছে অভিনেত্রীকে। তানজিন তিশার প্রসঙ্গটি সামনে আসতেই সরব হলেন তিনি। বিষয়টিকে লজ্জাজনক বলে মনে করছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ফারিয়া লেখেন, তুচ্ছ সব বিষয় নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের আদালতে টেনে নেয়ার প্রবণতা কেবল লজ্জাজনকই নয় বরং শোবিজের জন্য পীড়াদায়ক। আমাদের ইন্ডাস্ট্রি যে কতোটা ভঙ্গুর, খামখেয়ালি ও হালকা হয়ে পড়েছে এটি তারই প্রমাণ।

অভিনেত্রীর ভাষ্য, আমার খুব কষ্ট হয় যখন দেখি মানুষ এমনভাবে বাহবা দেয় যে এটিই অগ্রগতির প্রতীক। মতপার্থক্য হলেই আদালতে যাওয়া কোনো প্রগতিশীল চিন্তাধারা না; বরং এটি সম্পূর্ণ পিছিয়ে দেয়ার মানসিকতা। আমাদের প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, আলোচনা ও পরিপক্বতা জনসমক্ষে অপমান বা অপ্রয়োজনীয় আইনি লড়াই না। এটি কোনো অগ্রগতি না, অধঃপতন। এদিকে নুসরাত ফারিয়া বর্তমানে ব্যস্ত সময় পার করছেন মেহেদী হাসান হৃদয় পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’ নিয়ে। ফিল্মটির প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। এটি তৈরি হচ্ছে ওটিটি প্ল্যাটফরম ‘আইস্ক্রিন’র জন্য।