পঁচিশ বছর আগে তিন বন্ধুর গল্প নিয়ে বলিউডে তৈরি হয়েছিল কালজয়ী সিনেমা ‘দিল চাহতা হ্যায়’। আকাশ, সমীর ও সিদ্ধার্থ তিন বন্ধুর সম্পর্ক, জীবনের টানাপড়েন আর সময়ের সঙ্গে বদলে যাওয়ার গল্প আজও দর্শকের মনে সমানভাবে দাগ কেটে আছে। সিনেমাটির ২৫ বছর পূর্তিতে পুরনো সেই বন্ধুত্বের স্মৃতিতে আবারো একত্রিত হয়েছেন সংশ্লিষ্টরা। তবে সেই আয়োজনে উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী প্রীতি জিনতা। এই বিশেষ আয়োজনে যখন সহ-অভিনেতারা পুরনো দিনের স্মৃতিচারণায় ব্যস্ত, তখন প্রীতি জিনতা ব্যস্ত রয়েছেন তার নতুন সিনেমা ‘বাঁটওয়ারা ১৯৪৭’ এর প্রচারে। এই সিনেমার সঙ্গেও জড়িয়ে আছেন আমির খান। সিনেমাটির প্রযোজক তিনি। তাই ‘দিল চাহতা হ্যায়’ সিনেমাটির পুনর্মিলনে থাকতে না পারার প্রসঙ্গে রসিকতা করেই প্রীতি বলেন, আমির আমাদের আলাদা করে দিয়েছেন।
সিনেমা আসছে, তাই প্রচারে বেরোতেই হতো। একদিকে প্রিয় সিনেমার স্মৃতি, অন্যদিকে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফেরার উত্তেজনা। দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে প্রীতি জিনতা। ফলে ‘দিল চাহতা হ্যায়’ এর ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে থাকতে না পারার আক্ষেপটাও তার কথায় স্পষ্ট হয়ে উঠেছে। প্রীতি জানিয়েছেন, ছবিটি তার অভিনয় জীবনের অন্যতম স্মরণীয় সিনেমা।
তাই ২৫ বছর পূর্তিতে সহ-অভিনেতাদের সঙ্গে থাকতে না পারাটা তার জন্য আক্ষেপের। শুধু পুরনো স্মৃতিতে আটকে থাকতে চান না প্রীতি। আমির খানের সঙ্গে আবারো কাজ করার আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে আমিরের সঙ্গে এমন কোনো ছবিতে কাজ করতে চাই, যেটি আমাদের দু’জনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।
