১৪ আগস্ট পাকিস্তান, ১৫ আগস্ট ভারত—১৯৪৭ সালের দুই দিন আজও দক্ষিণ এশিয়ার মানুষের ঘর, শরীর, নদী ও স্মৃতির ভেতর বেঁচে আছে। ৭৯ বছর আগে পাকিস্তান এবং ভারত স্বাধীন হয় আনন্দ, উল্লাস, স্বপ্ন ও গভীর বেদনার মধ্য দিয়ে। একটি উপমহাদেশের মানচিত্র বদলে জন্ম নিল দুটি রাষ্ট্র। লক্ষ-কোটি মানুষের জীবনে শুরু হলো এক অনিশ্চিত যাত্রা—দেশভাগ, দেশত্যাগ ও উদ্বাস্তুকরণের এক অন্তহীন মহাযাত্রা।
২০২৬ সালে দাঁড়িয়ে ১৯৪৭ যেন বহু দূরের একটি ইতিহাস। কিন্তু একটু গভীরে তাকালেই দেখা যায়, দেশভাগ আসলে এত দূরে নয়। বহু মানুষের ঘরের পুরোনো আলমারিতে, দাদার মুখে শোনা কোনো গ্রামের নামের মধ্যে, পুরোনো চিঠির ভাঁজে, হারিয়ে যাওয়া বাড়ির স্মৃতিতে, নদীর ওপারের কোনো অচেনা অথচ আপন ভূখণ্ডের আকাঙ্ক্ষায়—দেশভাগ এখনও উপস্থিত। ফলে দেশভাগের সবচেয়ে বড় শক্তি সম্ভবত সেই সীমান্তের স্থায়িত্বে নয়, বরং সেই সীমান্তের অর্থ আজও অসম্পূর্ণ থাকার মধ্যে। মানচিত্রে যে সীমারেখা টানা হয়েছিল, মানুষের স্মৃতিতে সেই রেখা কখনো পুরোপুরি আঁকা যায়নি।
একটি তারিখ, দুটি স্বাধীনতা, অসংখ্য বিচ্ছেদ
১৪ আগস্ট পাকিস্তানের জন্ম। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা। কাগজে-কলমে দুটি নতুন রাষ্ট্র। কিন্তু সেই রাজনৈতিক স্বাধীনতার অন্তরালে ছিল এক ভয়াবহ মানবিক বিপর্যয়।
কেউ রাতারাতি হয়ে গেলেন ‘অন্য দেশের’ মানুষ। যে বাড়িতে কয়েক প্রজন্ম ধরে বসবাস, সেটি হয়ে গেল সীমান্তের ওপারে। যে নদী এতদিন ছিল গ্রামের নদী, সেটি হয়ে গেল দুই রাষ্ট্রের নদী। যে রেললাইন মানুষকে আত্মীয়ের বাড়িতে নিয়ে যেত, সেটিই একদিন হয়ে উঠল উদ্বাস্তুদের অনিশ্চিত যাত্রাপথ।
দক্ষিণ এশিয়ায় দেশভাগ তাই কেবলই ভূখণ্ডের বিভাজন ছিল না। এটি ছিল ঘর, পরিচয়, স্মৃতি এবং আত্মপরিচয়ের বিভাজন। কেউ দেশ বদলালেন, কেউ ঘর বদলালেন, কেউ দেশ বদলাতে না চেয়েও বাস্তবতার কাছে পরাজিত হলেন। কেউ চলে গেলেন পূর্ব থেকে পশ্চিমে, কেউ পশ্চিম থেকে পূর্বে। কেউ সীমান্ত পার হলেন ট্রেনে, কেউ নৌকায়, কেউ পায়ে হেঁটে। আবার কেউ কোথাও গেলেন না—কিন্তু একদিন বুঝলেন, যে দেশটিকে তিনি নিজের বলে জানতেন, সেটি আর আগের দেশ নেই। এই ‘থেকে যাওয়া’ও এক ধরনের দেশভাগ।
দেশভাগের সবচেয়ে বড় ক্ষত: হারিয়ে যাওয়া ঘর
দেশভাগের ইতিহাস পড়তে গিয়ে আমরা সাধারণত রাষ্ট্র, নেতা, রাজনৈতিক দল, সীমানা ও চুক্তির কথা বলি। কিন্তু মানুষের কাছে দেশভাগের সবচেয়ে গভীর অর্থ ছিল একটি ছোট্ট শব্দে—বাড়ি। বাড়ি মানে শুধু একটি স্থাপনা নয়। বাড়ি মানে উঠান। একটি পুকুর। একটি আমগাছ। একটি মসজিদ বা মন্দিরের ঘণ্টাধ্বনি। পাশের বাড়ির মানুষের মুখ। বিদ্যালয়ের পথ। শৈশবের মাঠ। বর্ষার নদী। রাষ্ট্রের মানচিত্র এসবের হিসাব রাখে না। কিন্তু মানুষ স্মৃতি রাখে।
একজন দেশান্তরী মানুষ, উদ্বাস্তু যখন বলেন, “আমাদের বাড়ি ওখানে ছিল”—তখন তিনি কেবল একটি স্থানের কথা বলেন না। তিনি এমন একটি ভূগোলের কথা বলেন, যা রাষ্ট্রীয় মানচিত্র থেকে মুছে গেলেও তাঁর স্মৃতি থেকে মুছে যায়নি। এই জায়গাতেই দেশভাগের একটি গভীর নান্দনিক সত্য লুকিয়ে আছে। রাষ্ট্র নির্মিত মানচিত্র রাজনৈতিক ভূগোল তৈরি করে আর মানুষ স্মৃতি তৈরি করে আবেগের ভূগোল।
নদী সীমান্ত মানে না
দক্ষিণ এশিয়ার নদীগুলো দেশভাগের সবচেয়ে নীরব সাক্ষী। গঙ্গা, পদ্মা, যমুনা, মেঘনা, তিস্তা, ব্রহ্মপুত্র—কোনো নদীই ১৯৪৭ সালের রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী প্রবাহিত হতে শেখেনি। নদী জানে না কোথায় ভারত শেষ, কোথায় বাংলাদেশ শুরু। নদী জানে না কোন তীর পাকিস্তানের ছিল, কোন তীর ভারতের। এই কারণে নদী হয়ে উঠেছে দেশভাগের এক অসাধারণ বিকল্প মানচিত্র। বাস্তব মানচিত্র ও স্মৃতির বিকল্প মানচিত্রের এই দ্বন্দ্বই দেশভাগের দীর্ঘস্থায়ী বেদনা।
ট্রেন: স্বাধীনতার উল্টো প্রতীক
১৯৪৭-এর ট্রেনও এক গভীর প্রতীক। যদিও রেলপথ আধুনিকতার প্রতীক ছিল, মানুষকে কাছাকাছি আনার প্রতিশ্রুতি ছিল, তথাপি দেশভাগের সময় সেই ট্রেনই হয়ে উঠল উদ্বাস্তু, আতঙ্ক এবং মৃত্যুর বাহন। ট্রেন এক দেশ থেকে আরেক দেশে মানুষ বহন করল। কিন্তু প্রত্যেক যাত্রীর সঙ্গে চলল একটি অদৃশ্য দেশ—স্মৃতির দেশ। কেউ ট্রেনে উঠলেন একটি স্যুটকেস নিয়ে। সেই স্যুটকেসে হয়তো ছিল কয়েকটি কাপড়, কিছু দলিল, একটি পারিবারিক ছবি। কিন্তু ছবির মধ্যে ছিল একটি বাড়ি। আর বাড়ির মধ্যে ছিল একটি পৃথিবী। এই কারণেই দেশভাগের সাহিত্য ও সিনেমায় ট্রেন এত শক্তিশালী প্রতীক। ট্রেন শুধু মানুষকে স্থানান্তর করে না: মানুষকে একটি ভূগোল থেকে অন্য ভূগোলে নির্বাসিত করে।
শরীরও হয়ে উঠেছিল সীমান্ত
দেশভাগের সবচেয়ে ভয়াবহ ইতিহাস লেখা হয়েছিল মানুষের শরীরে।
বিশেষত নারীর শরীরে। ধর্মীয় সম্প্রদায়ের ‘সম্মান’ রক্ষার নামে নারী হয়ে উঠেছিল পুরুষতান্ত্রিক ও সাম্প্রদায়িক রাজনীতির প্রতীক। অপহরণ, ধর্ষণ, জোরপূর্বক ধর্মান্তর, বিয়ে—নারীর শরীর যেন হয়ে উঠেছিল বিভক্ত ভূখণ্ডের আরেকটি যুদ্ধক্ষেত্র। তাই দেশভাগকে শুধু ভূখণ্ডের ইতিহাস হিসেবে পড়লে আমরা তার অর্ধেক ইতিহাসই পড়ি। দেশভাগের আরেকটি মানচিত্র আঁকা ছিল মানুষের শরীরে। শরীরের ক্ষত হয়ে উঠেছিল মানবিক আর্কাইভ। অনেক স্মৃতি লেখা হয়নি কাগজে। বলা হয়নি পরিবারে। বলা সম্ভব হয়নি সমাজের সামনে।
কিন্তু শরীর মনে রেখেছে।
স্মৃতি কি ইতিহাসের বিকল্প?
না, স্মৃতি ইতিহাসের বিকল্প নয়। কিন্তু ইতিহাসের অসম্পূর্ণতাকে বোঝার একটি অপরিহার্য দরজা। রাষ্ট্রীয় ইতিহাস সাধারণত প্রশ্ন করে—কবে কী ঘটেছিল? কারা সিদ্ধান্ত নিয়েছিল? সীমান্ত কোথায় নির্ধারিত হয়েছিল? কত মানুষ স্থানান্তরিত হয়েছিল? কিন্তু স্মৃতি আরেকটি প্রশ্ন করে—সেদিন একটি পরিবারের কী হয়েছিল? একজন বৃদ্ধ কেন আজও গ্রামের নাম উচ্চারণ করতে গিয়ে থেমে যান? কেন কোনো বৃদ্ধা তাঁর শৈশবের বাড়ির কথা বলতে গিয়ে হঠাৎ কাঁদেন?
কেন একটি পুরোনো ছবি একটি মানুষের কাছে একটি সম্পূর্ণ ভূখণ্ডের সমান?
স্মৃতির এই প্রশ্নগুলো ইতিহাসের বাইরে নয়। স্মৃতি বরং ইতিহাসের মানবিক গভীরে নিয়ে যায়।
সিনেমা: হারানো বেদনার দৃশ্যমান স্মৃতি
দেশভাগের এই অসমাপ্ত স্মৃতিকে সবচেয়ে শক্তিশালীভাবে ধারণ করেছে সাহিত্য ও সিনেমা। বিশেষ করে ঋত্বিক ঘটক। ছিন্নমূল, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা চলচ্চিত্রকে কেবল দেশভাগের চলচ্চিত্র বললে তাদের গভীরতা কমিয়ে দেখা হয়। এগুলো একেকটি অনুভূতির কাঠামো। একটি দীর্ঘস্থায়ী মানসিক ও সাংস্কৃতিক ক্ষত। ভাঙা পরিবার, উদ্বাস্তু কলোনি, হারানো ভূগোল, নদী, রেললাইন, গান, শব্দ—সবকিছু চলচ্চিত্রে মিলে যায় একটি অসমাপ্ত শোকের নান্দনিকতায়। মেঘে ঢাকা তারা ছবির কলকাতায় উদ্বাস্তু হয়ে আসা কিশোরগঞ্জের নীতা শুধু একজন নারী নয়; তিনি ছিন্নমূল জীবনের আত্মত্যাগের এক প্রতীকী শরীর। সুবর্ণরেখা-য় ভূগোল, স্মৃতি ও উদ্বাস্তু অস্তিত্ব একে অন্যের মধ্যে প্রবেশ করে। দেশভাগের সিনেমা শেখায়—১৯৪৭ সালকে ক্যামেরায় ধারণ করা মানে শুধু সীমান্ত দেখানো নয়: সীমান্ত পেরিয়ে আসা মানুষের ভেতরে কী ঘটে, সেটি দেখানো।
সাদাত হাসান মান্টো: সীমান্তের সংলাপ
মান্টোর লেখালেখি দেশভাগের সবচেয়ে তীক্ষ্ণ রাজনৈতিক বাস্তবতা ভিত্তিক রূপকগুলো নির্মাণ করেছে। একজন মানুষকে বলা হলো—তুমি কোন দেশের? তার উত্তর খুঁজতে গিয়ে রাষ্ট্রের যুক্তিই যেন ভেঙে পড়ে। কারণ মানুষকে ভাগ করা যায় প্রশাসনিকভাবে। কিন্তু স্মৃতি, ভাষা, সংস্কৃতি এবং ব্যক্তিগত পরিচয়কে এত সহজে ভাগ করা যায় না। মান্টোর ব্যঙ্গ তাই আজও প্রাসঙ্গিক। দেশভাগ আমাদের একটি অস্বস্তিকর প্রশ্নের সামনে দাঁড় করায়—রাষ্ট্র কি মানুষের পরিচয় নির্ধারণ করে, নাকি মানুষ রাষ্ট্রের আগে থেকেই কোনো পরিচয় বহন করে?
দেশভাগের দ্বিতীয় জীবন
দেশভাগের প্রথম জীবন ছিল ১৯৪৭। দ্বিতীয় জীবন শুরু হয় তার স্মৃতিতে। এই দ্বিতীয় জীবনেই জন্ম নেয় পোস্টমেমোরি বা উত্তরস্মৃতি—এমন স্মৃতি, যা মানুষ নিজে দেখেনি, কিন্তু বাবা-মা, দাদা-দাদি, নানা-নানির কাছ থেকে এমনভাবে পেয়েছে যে সেটি নিজের স্মৃতির মতোই অনুভূত হয়। আজকের একজন তরুণ ১৯৪৭ দেখেননি। কিন্তু তাঁর দাদা হয়তো দেখেছেন। দাদার মুখের গল্প, পুরোনো ছবি, একটি চিঠি, একটি গ্রামের নাম—এসবের মধ্য দিয়ে ১৯৪৭ তাঁর কাছে পৌঁছে যায়। আর সাহিত্য ও সিনেমা সেই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে। একজন দর্শক নিজে দেশভাগ দেখেননি, কিন্তু একটি চলচ্চিত্র দেখে তিনি সেই ইতিহাসকে অনুভব করতে পারেন।অন্যের ইতিহাস এভাবেই সাংস্কৃতিক অভিজ্ঞতার মাধ্যমে নিজের স্মৃতির অংশ হয়ে ওঠা।
কিন্তু সবার স্মৃতি সমান নয়। একজন শিক্ষিত মধ্যবিত্ত উদ্বাস্তু হয়তো তাঁর অভিজ্ঞতা লিখে যেতে পেরেছেন। একজন দরিদ্র কৃষক হয়তো শুধু মুখে গল্প বলেছেন। একজন নারী হয়তো নিজের অভিজ্ঞতা কাউকেই বলতে পারেননি।
তাই দেশভাগের স্মৃতিও অসম। দেশভাগ আসলে স্মৃতিগত বৈষম্য। সমাজে সবাই সমানভাবে যেমন ইতিহাসের শিকার নয়, তেমনি সবাই সমানভাবে ইতিহাসের বর্ণনাকারীও নয়।
বাংলাদেশের জন্য ১৯৪৭ কেন এখনও গুরুত্বপূর্ণ?
বাংলাদেশের ইতিহাসে ১৯৪৭ সালকে শুধু পাকিস্তান সৃষ্টির ঘটনা হিসেবে দেখলে একটি বড় ঐতিহাসিক ধারাবাহিকতা অদৃশ্য হয়ে যায়। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর আসে ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। এই তিনটি ঘটনাকে আলাদা আলাদা অধ্যায় হিসেবে পড়া যায়। কিন্তু স্মৃতির গভীরে তারা পরস্পরের সঙ্গে যুক্ত। ১৯৪৭ তৈরি করেছিল পাকিস্তানের রাষ্ট্রকাঠামো। ১৯৫২ সেই রাষ্ট্রের সাংস্কৃতিক-ভাষিক সংকটকে প্রকাশ্যে এনেছিল। ১৯৭১ সেই দীর্ঘ রাজনৈতিক ও সাংস্কৃতিক দ্বন্দ্বকে রাষ্ট্রভাঙনের দিকে নিয়ে যায়। অতএব বাংলাদেশের জাতীয় স্মৃতিতে
১৯৪৭, ১৯৫২, ১৯৭১ একটি সরল রেখা নয়। এটি একটি ত্রিভুজ। প্রতিটি কোণ অন্য দুই কোণের অর্থকে নতুনভাবে ব্যাখ্যা করে।
১৯৭১ কি ১৯৪৭-কে মুছে দিয়েছে?
একেবারেই নয়। বরং ১৯৭১-এর আলোয় ১৯৪৭-এর অর্থ নতুন করে পড়া হয়েছে। একসময় পাকিস্তান ছিল মুক্তির প্রতিশ্রুতি। পরে সেই পাকিস্তানের অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় বাঙালি জাতীয়তাবাদী চেতনার নতুন ব্যাখ্যা।
অর্থাৎ ইতিহাস একবার ঘটে, কিন্তু তার অর্থ একবারে স্থির হয় না। পরবর্তী ইতিহাস আগের ইতিহাসকে পুনরায় ব্যাখ্যা করে। এটাই স্মৃতির সবচেয়ে বড় রহস্য।
দেশভাগের ৭৯ বছর পর আমাদের প্রশ্ন কী?
আজ ২০২৬ সালে দাঁড়িয়ে ১৯৪৭-এর মানুষদের অনেকেই আর বেঁচে নেই।
কিন্তু তাঁদের স্মৃতি বেঁচে আছে। পুরোনো বাড়ির গল্পে। একটি সাদা-কালো ছবিতে। একটি নদীর নামে। একটি ভুলে যাওয়া গ্রামের ঠিকানায়। একটি ট্রেনের গল্পে। একটি গান শুনে হঠাৎ নীরব হয়ে যাওয়া বৃদ্ধের চোখে। একটি সিনেমার দৃশ্যে। একটি অসমাপ্ত চিঠিতে। অর্থাৎ ইতিহাসের প্রত্যক্ষ সাক্ষীরা হারিয়ে গেলেও স্মৃতির নান্দনিক জীবন শেষ হয় না। বরং প্রজন্ম বদলালে তার রূপ বদলায়।
দেশভাগ কখনো শেষ হয়নি
দেশভাগের সবচেয়ে বড় ঐতিহাসিক শক্তি হয়তো সে যে সীমান্ত তৈরি করেছিল তার স্থায়িত্বে নয়। বরং সেই সীমান্তের অর্থ আজও অসম্পূর্ণ থাকার মধ্যে। প্রজন্মের পর প্রজন্ম ধরে হারানো ঘর গল্প হয়ে ওঠে। আহত শরীর হয়ে ওঠে আর্কাইভ। নদী হয়ে ওঠে বিকল্প মানচিত্র। পুরোনো ছবি হয়ে ওঠে স্মৃতির কৃত্রিম অঙ্গ। আর সাহিত্য-সিনেমা হয়ে ওঠে এমন এক স্থান, যেখানে অতীত বারবার নতুন করে আলোচিত, অনুভূত ও পুনর্নির্মিত হয়।
১৯৪৭-এর ঘটনা ইতিহাসের বিচারে একটি রাজনৈতিক পরিণতি হলেও সাংস্কৃতিকভাবে তা এখনও অসমাপ্ত। কারণ প্রতিটি প্রজন্ম যে দেশভাগের মুখোমুখি হয়, সেটি হুবহু ১৯৪৭-এর দেশভাগ নয়। এটি উত্তরাধিকারসূত্রে পাওয়া দেশভাগ। কেউ সেটিকে স্মরণ করে। কেউ পুনর্গঠন করে। কেউ প্রশ্ন করে। কেউ অস্বীকার করে। কেউ তার মধ্যে হারানো ঘর খোঁজে। কেউ তার মধ্যে নতুন জাতীয় পরিচয় আবিষ্কার করে। আর কেউ সীমান্তের ওপারে তাকিয়ে আজও বলে—“ওখানেই তো আমাদের বাড়ি ছিল।”
সেই একটি বাক্যের মধ্যেই ১৯৪৭-এর সমগ্র ট্র্যাজেডি লুকিয়ে আছে। রাষ্ট্রের মানচিত্রে দেশভাগ শেষ হয়ে গেলেও মানুষের স্মৃতির মানচিত্রে তার রেখা এখনও চলমান। দেশভাগ তাই একটি অতীত ঘটনা নয় শুধু: দক্ষিণ এশিয়ার বর্তমানকে বোঝার একটি জীবন্ত স্মৃতি-ব্যবস্থা। ৭৯ বছর পরও ১৯৪৭ তাই কেবল ইতিহাসের পাঠ-মাত্র নয়—একটি অনুসন্ধানমূলক অসমাপ্ত প্রশ্ন।
লেখক: প্রফেসর ও চেয়ারম্যান, রাজনীতি বিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ (সিসিআরএসবিডি)।
